সিল্কসিটিনিউজ ডেস্ক :
গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তি হাতেগোনা। সবচেয়ে উল্লেখযোগ্য দুই ব্যাটসম্যানের পারফরম্যান্স। দলের ব্যর্থতার দিনে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে এগিয়ে ছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। তারই স্বীকৃতি তারা পেলেন ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতির মধ্য দিয়ে।
লঙ্কানদের বিপক্ষে মাত্র ১৯২ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে শতাধিক রানের জুটি গড়েন মুশফিক। মিডল অর্ডারে ব্যাটিং ধসের সময় দলকে সম্মানজনক রান এনে দিতে ইনিংস সেরা ৮৫ রান করেন অধিনায়ক। অবশ্য দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে দুই ইনিংসের সুবাদে ছয় ধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ে ২৯তম মুশফিক।

অন্যদিকে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছেন সৌম্য। প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ঝোড়ো গতিতে হাফসেঞ্চুরি করেন এ ওপেনার। কিন্তু শেষদিনে দলের আস্থার প্রতিদান দিতে পারেননি। আগের দিনের ৫৩ রানে খেলতে নেমে প্রথম বলেই আউট হন সৌম্য। তবে ব্যক্তিগত র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে তার। ২৫ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে সৌম্য।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে। তার পরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ও চারে ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক জো রুট ও বিরাট কোহলি।
সূত্র :বাংলাট্রিবিউন










