বিজ্ঞান ও প্রযুক্তি

রুয়েটে দুই দিনব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৯২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৪ জুন থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আনন্দমেলা ‘টেকনোক্রেসি-২০১৯’। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এর আয়োজন করে। দুই দিনব্যাপী এ মেলার সমাপনী দিনে আজ শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ কক্ষে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীকে পুরস্কার প্রদানের পর এ মেলার সমাপনী ঘোষণা করা হবে।

প্রতিযোগিতার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ শামিম আনোয়ার, আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুজ্জামান, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর ড. মোঃ আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশিদ, মোঃ আবু সাঈদ, ইসিই বিভাগের প্রভাষক মোঃ আব্দুল মতিন, মোঃ মাহবুবুর রহমান ,সাগর চন্দ্র বাগচী, মো. রবিউল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় রুয়েট, বুয়েট, কুয়েট, ঢাবি, রাবি , জাবি, শাবিপ্রবিসহ দেশের সনামধন্য পাবলিক ও প্রাইভেট ৪৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ৯৬টি টিমের প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

এ মেলায় রোবো ফেস্ট, প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী, জুনিয়র আইস্টাইন ট্র্যাক এন্ড অলিম্পিয়াড, গেইমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন কারিগরী সেমিনার অনুষ্ঠিত হয়। কারিগরী সেমিনারগুলোতে দেশি এবং বিভিন্ন তথ্য ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেন। সমাপনী দিনের কারিগরী সেমিনারে অংশগ্রহণ করেন ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মো. মুনির চৌধুরী, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক কেএম. মোয়াল্লেম আব্দুল মালেক, রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. অজয় কৃষ্ণ সরকার, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদ রানা , ইসিই বিভাগের প্রভাষক মোছা. তাসনিম বিনতে শওকত প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আনন্দমেলা ’টেকনোক্রেসি-২০১৯’ এর বিজয়ী শিক্ষার্থীকে তিন লাখ টাকা পুরস্কার দেয়া হবে। বিস্তারিত জানা যাবে www.tech.eee-ruet.com ঠিকানায়।

স/শা