সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।

আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ভোটারবিহীন অবৈধ ও অনৈতিক সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যদুস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে।’
দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব স্তম্ভকে এই সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।‘
বিবৃতিতে বিএনপির প্রধান আরো বলেন, ‘রুহুল কবির রিজভী একজন আইনজীবী এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি।‘
এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।
সূত্র:এনটিভি










