ছবিঘর

রাসেল ক্রোর সঙ্গে প্রিয়াঙ্কার নতুন হলিউড সিনেমা ‘ব্লুফ্লাই’

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও নতুন একটি হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করবেন তিনি।

 ‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। 

পিংকভিলার প্রতিবেদনে জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নিমরোদ আন্তাল। এর আগে তিনি ‘প্রিডেটরস’ সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ কাজ করেছেন। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। 

কী নিয়ে ‘ব্লুফ্লাই’?

সিনেমায় দেখা যাবে, জাতিসংঘের (ইউএন) এক অনুবাদক ব্যক্তিগত শোকের মধ্যেই কঙ্গোতে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত হন। তার দায়িত্ব এমন একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্ব থাকারই কথা ছিল না।

অভিযান যত এগোতে থাকে, দলটি ততই বিপজ্জনক মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে।

একপর্যায়ে তারা এমন এক চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হয়, যা পুরো মিশনকে বেঁচে থাকার লড়াইয়ে পরিণত করে।

যা বললেন নির্মাতারা

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক ও কার্লাইল ইউব্যাঙ্ক। প্রযোজনায় রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এরিয়ান ফ্রেজার বলেন, রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে শক্তিশালী একটি অভিনয়শিল্পী দল গড়ে উঠেছে। তার ভাষায়, এটি শুধু অ্যাকশন নয়, আবেগ ও রহস্যে ভরপুর একটি সায়েন্স ফিকশন থ্রিলার হবে।

 

পরিচালক নিমরোদ আন্তাল বলেন, ‘ব্লুফ্লাই’ এমন একটি গল্প, যেখানে বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে টানটান উত্তেজনা ও শক্তিশালী চরিত্রের সমন্বয় থাকবে।

সামনে ব্যস্ত সময় প্রিয়াঙ্কার

সম্প্রতি রাসেল ক্রোকে ‘নিউরেমবার্গ’ ছবিতে দেখা গেছে। সামনে তার ‘হাইল্যান্ডার’সহ আরো কয়েকটি বড় বাজেটের সিনেমা রয়েছে।

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে পরিচালক এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যেই ‘ব্লুফ্লাই’-এ চুক্তিবদ্ধ হওয়ায় তার হলিউড ক্যারিয়ারে আরো একটি বড় সংযোজন হলো।