নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুকে হলের অফিস কক্ষে তালাবদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত তাকে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকনুজ্জামান সেখানে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস্থ করলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো কোনও ফল আমরা পাইনি। এদিকে হলের আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানু যথারীতি কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, হলের শিক্ষার্থীরা আবাসিক শিক্ষিকাকে তালাবদ্ধ করেছিলো। ওই হলের শিক্ষার্থীরা বেশ কিছুদিন থেকেই আন্দোলন করছে যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘তাদের সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে শীঘ্রই তাদের দাবির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গত ২৯ আগষ্ট ছাত্রীদের হয়রানিসহ নানা অভিযোগ এনে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবিতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের কাছে একটি অভিযোগপত্র দেয় হলের শিক্ষার্থীরা। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর ১লা সেপ্টেম্বর আবারো হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
স/মি










