রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হলের সামনে ট্রাক চাপায় নিহত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রদীপ প্রজ্জ্বলনের পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে হাবিবুর রহমান হলের সামনে নিহতের ঘটনাস্থলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শেষ হয়।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে শিক্ষার্থীরা বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হিমেল খুব অসহায় ছিল কিন্তু কখনো বুঝতে দেয়নি। সে আমাদের কাছে কখনো টাকা চাইতো না। তার বাবাও মারা গিয়েছিল সড়ক দুর্ঘটনায়। তার মাও অসুস্থ। তার মা এখনও বুঝতে পারছে না যে, তার ছেলে বেঁচে নেই। প্রতি বৃহস্পতিবার হিমেল বাসায় যেত, আবার শনিবার ফিরে আসতো। হয়তো আগামীকাল তার মা বুঝতে পারবে তার সন্তান আর নেই।

মাক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, ‘আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যাতে আর কেউ এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হয়। আমরা সবাই তার অস্বচ্ছলতার কথা এখন শুনছি। তার বাবা ছিল না। নিজের আর্থিক ব্যবস্থা নিজে মিটিয়ে আবার মাকে ও টাকা পাঠাতো। এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েসনের সভাপতি উত্তর কুমার রায় বাপ্পি বলেন, ‘এটা কোনো দুর্ঘটনায় ছিলা না, এটা হত্যাকান্ড। আমরা এর সুষ্ঠু বিচার ও তদন্ত করা দাবি জানিয়েছি। এছাড়া আমরা প্রশাসনের কাছে নয়টি দাবি উত্থাপন করেছি, তারা তা মেনে নিয়েছেন। অতিদ্রুত তা বাস্তবায়ন না করা হলে আমরা আবার আন্দোলনে নামবো।’
এসময় ছাত্র উপদেষ্টা তারেক নূর, টিএসসিসির পরিচালক অধ্যাপক আরিফ হায়দার সহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জি/আর









