নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটায় ভর্তির সুযোগ না থাকার প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।
অনশনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই স্বাধীনতা বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে আসছে। আমরা দেখেছি এখানে মুক্তিযুদ্ধের বিরোধীরের চাকরিতে নিয়োগ ও পদন্নতি দেয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঠিক মূল্যায়ন করা হয় না।

বক্তারা বলেন, সরকারি গেজেটের মাধ্যমে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ভর্তির সুয়োগ দেওয়ার বিধান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের ভর্তি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মানছে না।

এ সময় বক্তারা দ্রুত দাবি নাতি-নাতনি কোটা চালুর দাবি জানিয়ে আগামী তিন দিনের লাগাতার অনশন কর্মসূচি ঘোষণা করেন।
রাজশাহী মহানগর সহকারী কমান্ডার আবুল বাশারের সঞ্চালনায় অনশনে বক্তব্য দেন রাজশাহী জেলা কমান্ডার ফরহাদ আলী, রাজশাহী জেলা সহকারী কমান্ডার আলী আসলান, সাবেক রাজশাহী জেলা কমান্ডার সাইদুর রহমান, মতিহার থানা কমান্ডার আব্দুল হান্নান, রাজপাড়া থানা কমান্ডার শুকুরউদ্দিন, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য আবুল হাসান খন্দকার, নির্বাহী সদস্য আব্দুস সামাদ প্রমুখ।
স/শ










