সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে দুই গবেষণা গ্রন্থের প্রকাশনা উৎসব

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে দুই গবেষণা গ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক:


পাঁচ হাজার বছর আগের ইতিহাস থেকে শুরু করে বাংলার ইতিহাসচর্চার এক নিবেদিতপ্রাণ পথিকৃৎ- রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্যের বিস্তৃত পরিসর উঠে এসেছে নতুন দুটি গবেষণাগ্রন্থে।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত প্রকাশনা উৎসবে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সফিকুলের লেখা বই দুটি প্রকাশ করেছে কথা প্রকাশ। গ্রন্থ দুটি হলো-‘বাংলার গৌরব বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম’ এবং ‘অক্ষয়কুমার মৈত্রেয় বাংলার ইতিহাসচর্চার পথিকৃৎ’।

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসেন আলী। প্রধান আলোচক ছিলেন- বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের সাবেক পরিচালক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. সাইফুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- কথা প্রকাশের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিমুল গ্রুপের চেয়ারম্যান শিমুল সরকার রনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. গোলাম মাওলা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন- স্থানীয় সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। ভার্চ্যুয়ালি বক্তব্য দেন- কুমার শরৎ কুমার রায়ের প্রপৌত্র অরূপ রায় এবং অক্ষয়কুমার মৈত্রেয়র প্রদৌহিত্র ড. অভিজিৎ গৌস্বামী।

বক্তারা বলেছেন, ইতিহাস শুধু অতীতের ঘটনাপ্রবাহের বিবরণ নয়; এটি একটি জাতির আত্মপরিচয় নির্মাণের অন্যতম ভিত্তি। নিজেদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য ইতিহাসের উপাদান সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। বরেন্দ্র অঞ্চলের প্রত্নঐতিহ্য এবং ইতিহাসচর্চার পথিকৃৎদের অবদান নিয়ে গবেষণা ও প্রকাশনা সেই কাজকে আরও এগিয়ে নেবে।