নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠ ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ। রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল এর আয়োজন করেছে।
এই টুর্নামেন্টে টুর্নামেন্ট কমিটি কর্তৃক নির্ধারিত ৬টি দল অংশ নিবে। খেলোয়াড়দের রেজিষ্ট্রেশনের পর যাচাই-বাছাই শেষে নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলভুক্ত করা হবে।

আগ্রহী খেলোয়াড়দের আগামী ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে প্রতিদিন সন্ধা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে মধ্যে সোনালী সংবাদ কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক তবিবুর রহমান মাসুম, দৈনিক কালের কন্ঠের কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম অথবা দৈনিক সানশাইন কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির সদস্য মামুন আর রশিদ-এর কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
খেলোয়াড়দের কমপক্ষে ১ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য হতে হবে। এছাড়া ফর্মের সাথে খেলোয়াড়দের সাংবাদিক আইডি কার্ডের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে দিতে হবে।
টুর্নামেন্ট কমিটি খেলোয়াড়দের জার্সী ও ট্রাউজার সরবরাহ করবে। খেলোয়াড় বাছাই-এর ক্ষেত্রে টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
স/আর










