জাতীয়

রাজধানীতে ইডেন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ খুন

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর বনানীর এক নির্মাণাধীন ভবন থেকে ইডেন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর আলী হোসেন মালিকের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বনানীর ডিওএইচএস-এর ২ নম্বর রোডের এক বন্ধুর নির্মাণাধীন ভবনে আলী হোসেন একাই থাকতেন।

 

এ ঘটনায় ভাষানটেক থানা পুলিশ সেলিম হোসেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে।

 

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আলী হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি আজ ভোরের দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল।’

 

নজরুল ইসলাম জানান, এ ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। এর মধ্যে একজনকে আটক করেছেন।

 

আলী হোসন মালিক ইডেন কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তিনি তার ডেভেলপার ব্যবসায়ী বন্ধুর এই নির্মাণাধীন ভবনে একাই থাকতেন। তিনি সেখানে থেকে নির্মাণ কাজ তদারকি করতেন।

 

ওই ভবনে একজন কেয়ারটেকার, ড্রাইভার ও বেশ কয়েকজন কর্মচারী থাকতেন। তাকে হত্যার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

 

 

সূত্র :রাইজিংবিডি