সিল্কসিটিনিউজ ডেস্ক :
‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’– এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় অন্তর্জালে আসা ফ্ল্যাশ ফিকশন ’গ্যাড়াকল’-এর ট্রেলার। যেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে, ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়।
কর্ম ও তার ফল নিয়ে নির্মিত মিস্ট্রি–থ্রিলার ঘরানার ‘গ্যাড়াকল’–এর গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাক–কে ঘিরে, যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি, ইন্তেখাব দিনার। এটি পরিচালনা করেছেন রাকায়েত রাব্বি।

গল্পে দেখা যাবে, ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একে–ওপরের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি–অনিকের সম্পর্ক।
কিন্তু এই সম্পর্কগুলো কতোটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কী সত্যি?
নির্মাতা জানান, ‘গ্যাড়াকল’–এর গল্প তার আশেপাশের ঘটনা থেকেই নেয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন তিনি।
রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না।
কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে “গ্যাড়াকল”–এর গল্পে। শিক্ষা জীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’
সামিরা খান মাহি অভিনীত রিমি চরিত্রটির একাধিক ধরন ও ঢং রয়েছে।
কখনও তিনি সাধারণ কখনও একটু অসাধারণ।
সামিরা খান মাহি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় আসতে হয়। নানা রূপে নিজেকে প্রস্তুত ও উপস্থাপন করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আমার এটা করতে ভালো লাগে। ‘গ্যাড়াকল’–এ আমার চরিত্রটি একটু রহস্যময়। কনটেন্টের বেশিরভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আমি আবার অন্যরকম লুকে হাজির হব। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।’
নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে এর চিত্রনাট্যে এতে আরো অভিনয় করেছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ। আগামীকাল ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর) এটি মুক্তি পাবে একটি দেশীয় ওটিটি প্লাটফর্মে।









