সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

‘রবীন্দ্রনাথ সিএনসি পদক’ পেলেন সাংবাদিক সরদার আবদুর রহমান

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
‘রবীন্দ্রনাথ সিএনসি পদক’ পেলেন সাংবাদিক সরদার আবদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০১৮ সালের ‘রবীন্দ্রনাথ সিএনসি পদক’ পেলেন রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক ও লেখক সরদার আবদুর রহমান। সাংবাদিকতা ও ছড়াসাহিত্যে অবদান রাখায় তাঁকে এই পদক প্রদান করা হয়। গত বুধবার রাজধানীর নজরুল একাডেমি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক ফজলে রাব্বি এই পদক তুলে দেন।

সাংবাদিক, সাহিত্যিক ও গ্রন্থকার সরদার আবদুর রহমান গত চার দশক যাবত সাংবাদিকতা করছেন। তিনি জাতীয় দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা করেন। রাজশাহীর দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ’-এর সম্পাদক ছিলেন। প্রায় ২৫ বছর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বার্তা বিভাগে সংবাদ সম্পাদনা এবং কথিকা রচনা ও অনিয়মিত উপস্থাপনার কাজ করেন।
তিনি ‘পরিবেশ সাংবাদিকতা’য় জাতীয় পুরস্কার অর্জন করেন। লন্ডনভিত্তিক প্যানোস ইন্টারন্যাশনাল-এর আয়োজনে জাতীয় পর্যায়ে ‘প্যানোস এওয়ার্ড’ লাভ করেন। এছাড়াও লাভ করেন ঢাকার ‘শব্দশীলন একাডেমি’ পুরস্কার।

তাঁর এযাবত প্রকাশিত গ্রন্থ ১১টি। ছড়াগ্রন্থ : পদ্মা পাড়ের ছাড়া যৌথ), শব্দ শুনে জব্দ ও মানুষের পেটে কেন জিলাপির প্যাঁচ। গল্পগ্রন্থ : পদ্মাপাড়ের গল্প (যৌথ) ও মুঠোফোনের আর্তস্বর। ইতিহাসগ্রন্থ : রাজশাহী বিভাগ গাইড (যৌথ), উড়িষ্যা-কামরূপ বিজয়ী বাঙালী বীর কালাপাহাড়। পরিবেশবিষয়ক গ্রন্থ : উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং হিমালয়ের ভাটিতে ভারতের নদী-নিয়ন্ত্রণ প্রকল্প ও বাংলাদেশের অবস্থান। এছাড়াও দু’টি ছড়াগ্রন্থ, একটি পরিবেশবিষয়ক এবং দু’টি ইতিহাসসংশ্লিষ্ট গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

বর্তমানে তিনি রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের পরিচালক-প্রশাসন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করছেন।
স/শ