সিল্কসিটিনিউজ ডেস্ক :
গ্রাহকদের জন্য অর্থ পরিশোধের নতুন মাধ্যম ‘রবিক্যাশ অ্যাপ’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
ব্যবহার-বান্ধবঅ্যাপটির মাধ্যমে ইউটিলিটি বিল, ইজিলোড কেনা ও ট্রেনের টিকেট কাটতে পারবেন গ্রাহকরা।

সেবাটির জন্য নিবন্ধন করতে রবি নাম্বার থেকে *৭৮৭# এবং এয়ারটেল নাম্বার থেকে *৪০০# কোডটিতে ডায়াল করে একটি পিন বা পাসওয়ার্ড নিতে হবে। এরপর ‘গুগল প্লে স্টোর’ থেকে ‘রবিক্যাশ’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেবা নিতে দেশজুড়ে নিবন্ধিত যেকোন রবিক্যাশ এজেন্ট পয়েন্টস থেকে গ্রাহকদের একটি ইলেকট্রনিক ফ্লোট কিনতে হবে।
রবিক্যাশ অ্যাপটি নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ সুরক্ষিত করতে গ্রাহক যখন তার মোবাইল, ট্যাব বা কম্পিউটার থেকে ব্যবহার করবেন প্রতিবারই ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার বাধ্যতামূল করা হয়েছে।
এরপর ইউটিলিটি বিল প্রদান, ট্রেনের টিকেট কাটা বা ইজিলোড কেনার সময় গ্রাহকদের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে যা তিনি কয়েকটি সহজ প্রক্রিয়া অনুসরণ করে প্রদান করতে পারবেন।
কেনা বা অর্থ পরিশোধ করার শেষ ধাপে গ্রাহককে পিন বা পাসওয়ার্ড দিয়ে তা নিশ্চিত করতে হবে। লেনদেনটি শেষ হলে সাথে সাথে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন গ্রাহকরা।
সূত্র : টেকশহর









