অর্থ ও বাণিজ্য

যোগদানের ১৪ ঘণ্টা আগে ২৭৮ জনের নিয়োগ স্থগিত

নিউজ ডেস্ক২০ জুন ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদানের মাত্র ১৪ ঘণ্টা আগে হাইকোর্টের আপিল বিভাগের স্থগিত আদেশে আটকে গেছে ২৭৮ জনের নিয়োগ।

এ ঘটনায় ইস্কাটনে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগবঞ্চিতরা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

চাকরি প্রার্থী তুষার কান্তি রায় বলেন, বুধবার সকাল ৯টার দিকে সিনিয়র অফিসার পদে ২৭৮ জনের যোগদানের কথা ছিল। প্রায় দেড় শতাধিক প্রার্থী প্রথম শ্রেণীর এ চাকরির জন্য সরকারি-বেসরকারি চাকরি ছেড়ে যোগদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যোগদান স্থগিত করা হয়েছে বলে এসএমএস দিয়েছে ব্যাংক। সকালে আমরা এসে জেনেছি, পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি বাড়ি একটি খামার ও ব্যাংকে কর্মরতরা এ নিয়োগ স্থগিতের জন্য আদালতে রিট করেছিলেন।

শুনানি ছিল ২২ জুন। তিনি বলেন, বুধবার যোগদানের বিষয়টি ঠেকাতে মাস্টার রোলে চাকরিরতরা ১৮ জুন আদালত থেকে স্থগিত আদেশ এনে ব্যাংকে দিয়েছেন। আমরা ব্যাংকে এসে এমডির কাছে স্থগিত আদেশ দেখতে চেয়েছি। কিন্তু ব্যাংক সেটা দেখাতে পারেনি। আমরা দ্রুত যোগদানের দাবি জানাই। বিক্ষুব্ধ প্রার্থীরা বলেন, জানুয়ারি মাসে ফলাফল প্রকাশ পেয়েছে। আমাদের সঙ্গে পাস করে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন। বাংলাদেশ ব্যাংক আমাদের ২৭৮ জনকে সিনিয়র অফিসার পদে নিয়োগ দিতে পল্লী সঞ্চয় ব্যাংকে সুপারিশ পাঠিয়েছে। ব্যাংকের কিছু কর্মকর্তা যোগসাজশ করে এ কাজ করেছেন।

জানা গেছে, এ পদে ৬১০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে ব্যাংকের। তাদের মধ্যে অর্ধেক ব্যাংকের ও প্রকল্পের মাস্টার রোলে চাকরিরতদের থেকে নেয়ার কথা। বাকি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের থেকে নেয়ার কথা। কিন্তু আমাদের মাত্র ২৭৮ জন। বাকি তিন শতাধিকের বেশি পদ খালি রয়েছে। তারা বলছেন, তাদের আগে নিয়োগ দিতে হবে। এজন্য তারা হাইকোর্টে গিয়ে রিট করেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি আকবর হোসেন বলেন, কবে এ নিয়োগ হবে বলতে পারছি না। আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারব না। রমনা থানার ওসি মঈনুল খান যুগান্তরকে বলেন, প্রার্থীরা এসে বিক্ষোভ করেছেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি।