সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় বহু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আবার বিবাহিত অনেকেই বাচ্চা জন্মদানে অনাগ্রহ প্রকাশ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বহু নারী অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতেও অনীহা প্রকাশ করছে।

২৪ বছর বয়সী জাং উয়ুন হোয়া বলেন, অন্তত বাচ্চা প্রসব করার ব্যাপারে আমার কোনো রকম পরিকল্পনা নেই। বাচ্চা জন্মদানের জন্য শারীরিকভাবে কোনো রকম কষ্ট সহ্য করা আমার পক্ষে সম্ভব না।
তিনি আরো বলেন, এসব তো আমি ভাবতেই পারি না। আর বাচ্চা নিলে তো আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেটা আমি কখনোই চাই না।
তিনি আরো বলেন, কোনো পরিবারের সদস্য হওয়ার চেয়ে একাকি জীবন যাপন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আমার মতো করে বাঁচতে ভালোবাসি। সেখানে অন্যকে দেবার মতো বাড়তি সময় আমার নেই।
ইয়ুন হোয়া এই তালিকায় একাই নন। তার মতো বহু নারী একই ধরনের চিন্তাভাবনা করেন। বিশেষ করে কর্মজীবী বহু নারী সন্তান জন্মদানে অনাগ্রহী হয়ে উঠছে।
তিনি আরো বলেন, আমার বসের কথা অনেক ভালো লাগে। তিনি আমাকে মাঝেমাঝেই বলেন, যদি তুমি বাচ্চা জন্ম দাও, তাহলে সেটা তোমার সবথেকে বেশি প্রাধান্য নিজের দিকে টেনে নেবে। আর যদি বাচ্চা না থাকে, তাহলে প্রথমেই অফিস সেই প্রাধান্যটা পাচ্ছে।










