সদ্য প্রকাশিত
রাজনীতি

যুবদল মাঠে নামলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
যুবদল মাঠে নামলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না।

বুধবার (১৮ নভেম্বর) নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ-মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে’ এই বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে আবদুল মোনায়েম মুন্না আওয়ামী লীগের উদ্দেশে বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল যদি পাল্টা অগ্নিসংযোগ শুরু করে, তাহলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিরাপদে থাকতে পারবেন না।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল দশটি হাত তুলবে।
তিনি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন।

অন্যদিকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশে থেকেই জনগণের পাশে আছেন।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়েও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।

গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফের স্বয়ংক্রিয় রাইফেল কোনো কিছুই শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে বিতাড়িত আওয়ামী লীগ সরকার। ওই আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বর্তমান সরকার যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।
এদিকে, আজ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ, নড়াইল, শেরপুর, চট্রগ্রাম, চুয়াডাঙ্গা, নোয়াখালী, রাজশাহী, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, নওগাঁ, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ ও খুলনা।