জাতীয়

যুবদল কমিটিতে পদ পাওয়া বিতর্কিত সেই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক৩ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফেনীতে যুবদলের কমিটিতে পদ পাওয়া বিতর্কিত নেতা এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কমিটি অনুমোদন দেওয়ার দায়ে ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত ৩০ এপ্রিল ঘোষিত বিতর্কিত সেই ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন দেওয়ার দায়ে ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেত্রীর ওপর হামলার মামলার আসামিকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
গত ৩০ এপ্রিল ফেনী পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। যেখানে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন গাজী এনামুল হক সুজন। ২০১৭ সালে মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সুজনকে পদ দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

এর প্রতিবাদে কমিটির ৮ জনের মধ্যে ৬ জনই একযোগে পদত্যাগ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কেন্দ্রীয় কমিটির নজরে আসে।
প্রসঙ্গত, ২০১৭ সালের সেই হামলা মামলায় অভিযুক্ত সুজন ২৫ নম্বর আসামি ছিলেন। গত ৫ আগস্টের পর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং বর্তমানে পিবিআই এটি তদন্ত করছে। তদন্তাধীন মামলার আসামিকে পদ দেওয়ায় তৃণমূল পর্যায়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় এই সিদ্ধান্তের ফলে তাতে আপাতত স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ খবর ফেনী যুবদলের নেতাকর্মীদের মধ্যে জানা জানি হলে আজ রবিবার দুপুরে শহীদ মিনারে বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় তারা বিতর্কিত পৌর যুবদলের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান।