সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রগামী ডাকসেবা স্থগিতের তালিকায় যোগ হচ্ছে আরো দেশ

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রগামী ডাকসেবা স্থগিতের তালিকায় যোগ হচ্ছে আরো দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ডাকসেবা স্থগিত করা দেশের তালিকা বড় হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্কারোপকে কেন্দ্র করে জটিল ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ এমন সিদ্ধান্ত নিচ্ছে।

অস্ট্রেলিয়া পোস্ট মঙ্গলবার একই কারণ উল্লেখ করে জানায়, যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোতে পাঠানো বেশির ভাগ পণ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর গ্রহণ করা হবে না। তবে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার চিঠি ও নথিকে এ স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ পদক্ষেপের আগে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি ডাক ও কুরিয়ার সেবা প্রতিষ্ঠান একই ধরনের ব্যবস্থা নিয়েছে। তাইওয়ানও মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে ডাকে পণ্য পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছে।

জাপানও ঘোষণা করেছে, বুধবার থেকে ১০০ ডলারের বেশি মূল্যের যুক্তরাষ্ট্রগামী ব্যক্তিগত উপহার ও বিক্রয়ের জন্য পণ্য আর গ্রহণ করা হবে না।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২৯ আগস্ট থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ছোট প্যাকেজের ওপর কর ছাড় বাতিল করবে।

অস্ট্রেলিয়া পোস্টের নির্বাহী জেনারেল ম্যানেজার গ্যারি স্টার বলেন, ‘কম্পানিটি গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক ডাক পরিষেবা প্রদানের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা হতাশ যে আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে, তবে জটিল ও দ্রুত বিকশিত পরিস্থিতির কারণে আমাদের গ্রাহকদের জন্য একটি কার্যকর সমাধান বের করা এবং তা বাস্তবায়ন করতে অস্থায়ী আংশিক স্থগিতাদেশ প্রয়োজনীয় হয়ে পড়েছে।’