সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যমের পক্ষপাত নতুন কিছু নয়। ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে এই প্রবণতা বহুগুণে বেড়েছে। যার ধারাবাহিকতা ও রেশ এখনো পশ্চিমা গণমাধ্যমে থেকে গেছে। সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর ওপর চালানো এক গবেষণায় ইসলাম ও মুসলিমবিরোধী প্রবণতার জোরালো প্রমাণ পাওয়া গেছে।
দেশটির ৩০টি গণমাধ্যমে প্রকাশিত ৪০ হাজার নিবন্ধ নিয়ে করা এক নতুন গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে মুসলমানদের নিয়ে প্রকাশিত প্রায় অর্ধেক প্রতিবেদনে ‘উচ্চ মাত্রার পক্ষপাত’ আছে। ৭০ শতাংশ প্রতিবেদনে ইসলাম বা মুসলমানদের নেতিবাচক দিক বা আচরণের সঙ্গে যুক্ত করা হয়েছে।
গণমাধ্যমে মুসলমানদের উপস্থাপন বিশ্লেষণকারী অলাভজনক সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম) এই গবেষণা পরিচালনা করেছে। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা বলেছে, ‘মিডিয়ায় মুসলমানদের নিয়মিতভাবে সংঘাত, হুমকি এবং বিতর্কের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হচ্ছে।

’ প্রতিবেদনে ‘পক্ষপাত’ বলতে বোঝানো হয়েছে ইসলাম বা মুসলমানদের সঙ্গে নেতিবাচক সম্পর্ক স্থাপন, নির্দিষ্ট তথ্যের পরিবর্তে অতি সাধারণীকরণ, ভুল উপস্থাপন, প্রাসঙ্গিক তথ্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গি বাদ দেওয়া এবং শিরোনামের মানের সমস্যা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রকাশিত সংবাদ নিবন্ধের ৭০ শতাংশে ইসলাম ও মুসলমানদের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর ৪৪ শতাংশ প্রতিবেদনে প্রয়োজনীয় প্রেক্ষাপট বাদ দেওয়া হয়েছে। ১৭ শতাংশ প্রতিবেদনে মুসলমানদের নিয়ে সাধারণীকরণ করা হয়েছে এবং ১৩ শতাংশে ‘স্পষ্ট ভুল উপস্থাপন’ রয়েছে, যা জনসাধারণের বোঝাপড়ায় ‘সংকট’ তৈরি করছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
তবে মূলধারার ব্রিটিশ গণমাধ্যমগুলোর ভেতর বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সর্বনিম্ন।
সিএফএমএম-এর পরিচালক রিজওয়ানা হামিদ বলেন, যুক্তরাজ্যে এ ধরনের সবচেয়ে বড় গবেষণা হিসেবে এই প্রতিবেদনটি দেখায় যুক্তরাজ্যের গণমাধ্যমে মুসলমানদের উপস্থাপনে কাঠামোগত পক্ষপাতের উদ্বেগজনক প্রমাণ রয়েছে। এটি আমাদের মিডিয়া ব্যবস্থার ভেতরে একটি পদ্ধতিগত সমস্যার দিকে ইঙ্গিত করে। যখন পুরো সম্প্রদায়কে বারবার সন্দেহ বা হুমকির দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়, তখন তা জনমত, রাজনৈতিক বিতর্ক এবং ব্রিটিশ মুসলমানদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।
থিংকট্যাংক ঊয়ঁর-এর গবেষণায় দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে মুসলিমবিরোধী ঘটনার সংখ্যা ৪৩ শতাংশ বেড়েছে।
তবে একই গবেষণায় বলা হয়েছে, ব্রিটিশ মুসলমানদের সম্পর্কে জনমত রাজনৈতিক ও মিডিয়া আলোচনার তুলনায় অনেক বেশি ইতিবাচক। অধিকাংশ মানুষ মুসলমানদের সম্পর্কে ইতিবাচক বা নিরপেক্ষ মনোভাব পোষণ করে।
সিএফএমএম-এর প্রতিবেদনটি প্রকাশিত হয় সেদিন, যেদিন সরকার দীর্ঘ পরামর্শ ও বিতর্কের পর মুসলিমবিরোধী বিদ্বেষের একটি নতুন অবাধ্যতামূলক সংজ্ঞা প্রকাশ করে। কমিউনিটিজ সেক্রেটারি স্টিভ রিড পার্লামেন্টের হাউস অব কমন্সে বলেন, মুসলমানদের লক্ষ্য করে ধর্মীয় ঘৃণাজনিত অপরাধও রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এসব অপরাধের প্রায় অর্ধেকই মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে। অনেকেই আশঙ্কা করেন যে তাঁদের চেহারা বা উৎস সম্পর্কে ধারণার কারণে তাঁরা লক্ষ্যবস্তু হতে পারেন।
মিডল ইস্ট আইয়ে প্রকাশিত ‘Half of UK news articles about Muslims are biased, landmark study finds’ শীর্ষক প্রতিবেদন অবলম্বনে









