ধর্ম

যুক্তরাজ্যে রমজানে হালাল পণ্যের সরবরাহ বাড়াবে কো-অপ

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের পণ্য সরবরাহ ও বিক্রেতা প্রতিষ্ঠান কো-অপ আসন্ন রমজান উপলক্ষে হালাল পণ্যের সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে। মুসলিম গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে তারা ১০০টিরও বেশি বিক্রয়কেন্দ্রে একটি নতুন ব্র্যান্ডেড হালাল পণ্যের রেঞ্জ চালুর ঘোষণা দিয়েছে। এই নতুন রেঞ্জে তাজা মাংস, প্রস্তুত খাবার, হিমায়িত খাবার, মিষ্টান্ন ও রেডি-টু-ইট ক্যাটাগরির খাবার যুক্ত করেছে। এ ক্ষেত্রে তারা বিশ্বস্ত হালাল ব্র্যান্ডগুলোকে বেছে নিয়েছে।

এ ছাড়া চলতি বছরের রমজান মাসে (ফেব্রুয়ারি ও মার্চ) যুক্তরাজ্যজুড়ে রোজা পালনকারী পরিবারগুলোর সহায়তায় বিস্তৃত পরিসরের রমজানসামগ্রী সরবরাহ করার পরিকল্পনা করেছে কো-অপ।
কো-অপের সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার কেলি অর্ম বলেন, আমাদের নির্বাচিত সুবিধাপ্রাপ্ত বিক্রয়কেন্দ্রগুলোতে ব্র্যান্ডেড হালাল রেঞ্জ চালু করা হবে। এটা কো-অপের খাদ্য সংগ্রহ কর্মসূচি সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আমাদের সদস্য ও ক্রেতাদের বিভিন্ন খাদ্যাভ্যাসের চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আমরা দেশজুড়ে যেসব বৈচিত্র্যময় কমিউনিটিকে সেবা দিই, তাদের প্রয়োজন মেটাতে পারি এবং সবাই যেন স্বাগত ও মূল্যবান মনে করে, তা নিশ্চিত করা যায়।
স্থায়ী এই পণ্যের তালিকায় জনপ্রিয় নামগুলোর মধ্যে রয়েছে তাহিরা, নাজমা, তাকুল ও আইল্যান্ড ডিলাইটের রান্না করা মাংস ও স্ন্যাকস, রয়্যালের রেডি মিল, হামজার হিমায়িত পণ্য ও শাজানসের তাজা মাংস। এই পণ্যগুলো সুবিধাপ্রাপ্ত বিক্রয়কেন্দ্রের লাঞ্চটাইম মিল ডিলেও যুক্ত করা হবে, যেখানে জিন্দার র‌্যাপ ও সালাম কোলার মতো নতুন আইটেম অন্তর্ভুক্ত থাকবে। প্রতিষ্ঠানটির তথ্য মতে, রমজানে পণ্যের পরিমাণ বছরে বছরে বৃদ্ধি পেয়ে ২৪১ শতাংশে উন্নীত হয়েছে।

সূত্র : গ্রসারি গেজেট ডটকো ডটইউকে