বগুড়া

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার গাবতলী থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নারী ও শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে (রানু) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রবিবার রাতে ঢাকা গাজীপুর থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তিনি নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তর পাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাস্টারের ছেলে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ও র‌্যাব-১২ সূত্র জানায়, ২০০৫ সালে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন (ধর্ষণ) মামলার আসামি আমিনুল। গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে তিনি নিরুদ্দেশ হন। ২০১০ সাল থেকে গাজীপুরে ছদ্মবেশে বসবাস শুরু করেন।

বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছর সশ্রম কারদণ্ডাদেশ দেওয়া হয়। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র‌্যাব-১২ বগুড়া কম্পানির সদস্যরা জানতে পারেন, আমিনুল গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে তাকে বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

ওসি আরো জানান, আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিলেন।