বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিভের প্রযুক্তি প্রদর্শন

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়েছিল বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এ নিয়ে টানা ১০ বার প্রযুক্তির এ মেলায় অংশ নেয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। গত ২৬ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হয়। শেষ হয় ১ মার্চ। এবারের আসরে অবৈধ ভিওআইপি শনাক্তকারী সফটওয়্যারসহ ওটিটি সেবা হিসেবে এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং, ভিডিও কলসহ মোবাইল টপআপের বিভিন্ন সেবা প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

রিভের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে। এর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে বাংলাদেশ ও ভারতে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং ও যুক্তরাজ্যে রিভের উপস্থিতি রয়েছে। বর্তমানে বিশ্বের ৭৮টির বেশি দেশে রিভ সিস্টেমস উদ্ভাবিত বিভিন্ন আইপি পণ্য ও সেবা ব্যবহৃত হচ্ছে।

রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিভ সিস্টেমসের প্যাভিলিয়ন পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বাংলাদেশের প্রতিনিধিদল। এ সময় রিভের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসানসহ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল ও বিপণনপ্রধান রায়হান হোসেন উপস্থিত ছিলেন।

রেজাউল হাসান বলেন, ‘টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন খাতেও। রেগুলেটর প্রতিষ্ঠান ও অপারেটরদের কাছে পণ্য ও সেবা প্রদর্শনের জন্য এমডব্লিউসি একটি দারুণ সুযোগ। আমাদের সেবা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।

প্রথম আলো