সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার তীব্র ভাষায় নিন্দা জানালেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদি সরকারকে ‘ব্যাধি সরকার’ বলে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার সিপিএম, কংগ্রেসসহ সব রাজনৈতিক দলকে একজোট হওয়ারও ডাক দিলেন মুখ্যমন্ত্রী। তিনি নোট বাতিলের মতো ‘কালা’ রাজনৈতিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি তুলেছেন।
আজ শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ দল সিপিএমের সঙ্গে জোট বাঁধার কথা উল্লেখ করে বলেন, ‘সিপিএমের সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ থাকতেই পারে। কিন্তু এ ক্ষেত্রে দেশ বাঁচাতে ওদের সঙ্গে চলতেও রাজি আছি।’ তিনি একই সঙ্গে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টিকেও একসঙ্গে লড়াই চালানোর জন্য ডাক দেন।
ভারতের কেন্দ্রীয় সরকারকে ‘ব্যাধি’ সরকার বলে উল্লেখ করে মমতা বলেন, মোদি সরকার ব্যাধি সরকার, কালো টাকার কালো সরকার। দেশের মানুষকে ভাতে মেরেছে ওই সরকার, এরপর কি গুলি চালাবে?
মমতা বলেন, ভারতের আর্থিক অবস্থা আজ ভেঙে পড়েছে। এই অবস্থায় ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে দেশের কত আর্থিক ক্ষতি হয়েছে তার তদন্ত করা উচিত বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, টাকার অভাবে আজ মানুষের মৃত্যু হলে তার দায় কে নেবে? মোদির সরকারে থাকার নৈতিক অধিকার নেই। এবার সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। মানুষের সঙ্গে অন্যায় হলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মমতা সাফ জানান, এটা কালো টাকা উদ্ধারের অভিযান নয়, যারা কালো টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশকে ভাসিয়ে এখন বিদেশে বসে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি মানুষের সঙ্গে জালিয়াতি বলে উল্লেখ করে মমতা আরো বলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো। অথচ শুনছি রুলিং পার্টি আগে থেকেই সবটা জানত। আজ ব্যাংকে স্টক নেই। দুই হাজারের ওপরে এটিএম বন্ধ। আমি নিজে শনিবার সকালে ৫০টির ওপর এটিএম বন্ধ পেয়েছি। লোকের চাল, ডাল কেনার পয়সা নেই। কর্মচারীরা মাইনে তুলতে পারছে না। মজুররা ভাতা পাচ্ছে না। বেচাকেনা বন্ধ। লোকের টাকা ভাঙানোর উপায় নেই। ব্যাংকে পর্যাপ্ত ১০০ টাকার নোটও নেই। তা ছাড়া পঞ্চায়েতে অনেকের টাকা তোলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। কেন্দ্রীয় সরকার পরিকল্পনা ছাড়াই এ কাজ করেছে বলেও অভিযোগ করেন মমতা।
সূত্র: এনটিভি










