সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
কনফেডারেশনস কাপের আগে মেলবোর্নের মাঠ এমসিজিতে অস্ট্রেলিয়া এক প্রীতি ম্যাচ খেলতে স্বাগত জানাবে ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে।

ব্রাজিলের সঙ্গে সকারুদের ওই প্রীতি ম্যাচটি হবে আগামী ১৩ জুন। এর চারদিন আগে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। আর ৮ জুন সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ খেলে মুখোমুখি হবে তিতের শিষ্যদের।
বিশ্বের ২ নম্বর দলটির কাছে এর আগে নাস্তানুবাদ হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৩ সালে ব্রাসিলিয়ায় ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলে উড়ে যায় তারা। একই বছর কোচ হোলগার ওসিয়েককে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বরখাস্ত করার পেছনে ওই ফলটি অন্যতম কারণ ছিল।
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটির পরদিনই কনফেডারেশনস কাপ খেলতে রাশিয়ায় উড়াল দেবে অস্ট্রেলিয়া। যেখানে ১৯ জুন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে মোকাবিলা করবে তারা।
সূত্র: বাংলা ট্রিবিউন










