সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৫১২ সালে ইংরেজ রাজা ৮ম হেনরির নৌবহরে যুক্ত হয় নতুন এক যুদ্ধজাহাজ, নাম তার- মেরি রোজ। সচল থাকা যুদ্ধজাহাজগুলোর মধ্যে মেরি রোজ ছিল শত্রুপক্ষের জন্য ভীতির অন্য নাম।
তখনকার দিনে যুদ্ধের সময় বিভিন্ন বাণিজ্যিক জাহাজকেই যুদ্ধের উদ্দেশ্যে ব্যবহারের রীতি চালু ছিল। কিন্তু মেরি রোজ এদিক থেকে ছিল একেবারেই আলাদা। পুরোপুরি যুদ্ধ করার জন্যই বানানো হয়েছিল এটা। ফলে এ জাহাজের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল।

মেরি রোজের গঠনগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনন্য ছিল এতে থাকা গান পোর্টগুলো। এর এক পাশ দিয়ে কামান বসানোর সুব্যবস্থা ছিল। ফলে খুব সহজেই শত্রুজাহাজগুলোর ওপর প্রাধান্য বিস্তার করতে পারত।
এতে ছিল ৯১টির মতো হেভি গান এবং বেশ কিছু এন্টি-পারসোন্যাল গান, যা দিয়ে প্রতিপক্ষের নাবিকদের শেষ করে দেয়া হতো। সব মিলিয়ে তখনকার দিনে সাগরের বুকে ত্রাসই সৃষ্টি করেছিল মেরি রোজ।
ইংল্যান্ডের সবচেয়ে বড় এবং ২য় ঘনবসতিপূর্ণ দ্বীপ আইল অফ উইট। ৩৮৪ বর্গ কিলোমিটারের এ দ্বীপকে ইংল্যান্ডের মূল ভূমি থেকে পৃথক করে রেখেছে সলেন্ট চ্যানেল। প্রায় ২০ মাইল দীর্ঘ এ চ্যানেলটির প্রস্থ ২.৫ মাইল পর্যন্ত।
এ সলেন্ট চ্যানেলেই ১৫৪৫ সালের ১৮-১৯ জুলাই ফ্রান্সের রাজা ১ম ফ্রান্সিস এবং ইংলিশ রাজা ৮ম হেনরির মধ্যে সংঘটিত হয় এক যুদ্ধ। এ যুদ্ধে ফরাসি বাহিনী দুইশর বেশি যুদ্ধজাহাজে ৩০ হাজারেরও বেশি সৈন্য নিয়ে আক্রমণ করেছিল। ইংরেজরা যুদ্ধে এসেছিল ৮০টি জাহাজে ১২ হাজার সৈন্য নিয়ে।
সলেন্ট চ্যানেলের এ যুদ্ধেই করুণ পরিণতি বরণ করতে হয়েছিল মেরি রোজকে। আরও দুর্ভাগ্যজনক হল, মেরি রোজের মূল শক্তি ছিল যে গান পোর্টগুলো, সেগুলোই অকার্যকর হয়ে যাওয়ার ফলে ডেকে এনেছিল সেই দুর্ভাগ্য।
জাহাজটির গান পোর্টগুলো ছিল পানির উচ্চতার বেশ কাছাকাছি। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে, যুদ্ধের এক পর্যায়ে জাহাজটি যখন উত্তর দিকে ঘুরতে গিয়েছিল, তখনই হঠাৎ করে এক দমকা হাওয়ায় বেশ খানিকটা কাত হয়ে যায়।
ফলে কাত হওয়া অংশের গান পোর্টগুলো দিয়ে হঠাৎ করেই ঢুকে যায় পানি। আর কিছু বুঝে উঠতে পারার আগেই জাহাজে থাকা মানুষ নিজেদের পানিবন্দি অবস্থায় দেখতে পান।
জাহাজে থাকা ৪০০ নাবিকের মধ্যে মাত্র ৩৫ জন সেদিন নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলেন।










