জাতীয়

মেয়েশিশুকে পেটানোর সেই ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি একটি মেয়েশিশুকে কোমরের বেল্ট দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের সেই দৃশ্যের ঘটনাস্থল ঢাকা মিরপুর বলে জানা গেছে।

এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শিশুকে মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে।
পুলিশ বলছে, গত শনিবার মিরপুর ১ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। শিশুটিকে পেটানো ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

তার নাম মো. রিপন মণ্ডল (৩৬)। তিনি মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী। বর্তমানে পুলিশের পাহারায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভিডিওতে দেখা যায়, মার্কেটের সামনের রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে নেভি ব্লু শার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট পরা ব্যক্তি এক হাত দিয়ে শিশুটির একটি হাত ধরে আছেন।

অন্য হাতে থাকা বেল্ট দিয়ে নির্দয়ভাবে শিশুটিকে পেটাচ্ছেন তিনি।
আজ সোমবার দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন গণমাধ্যমকে বলেন, ভিডিওটি নজরে আসার পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ঘটনাটি শনিবার বিকেলের। শিশুটিকে পেটানো ব্যক্তি রিপন মণ্ডল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে রিপন মণ্ডল পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি করেন, শিশুটি মার্কেটের একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি করেছে।

এ জন্য তিনি তাকে পিটিয়েছেন। গতকাল রবিবার বিকেলে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হন।
রিপন মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি দুলাল হোসেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিরও সন্ধান করছে পুলিশ।