সিল্কসিটিনিউজ ডেস্ক :
আবদুল্লাহ ইবনে আবু কাতাদা (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা হুদায়বিয়ার বছর রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিলেন। তার সঙ্গীরা ইহরাম বেঁধেছিলো, কিন্তু আবু কাতাদা (রা.) ইহরাম বাঁধেন নি। তখন রাসুলুল্লাহ (সা.)-কে অবহিত করা হল যে, শত্রুরা গাইকা নামক স্থানে ওত পেতে আছে।
এ খবর শুনে রাসুলুল্লাহ (সা.) যাত্রা অব্যাহত করলেন।
আবু কাতাদা (রা.) বলেন, আমি সাহাবিদের সঙ্গে ছিলাম, তখন দেখি তাদের কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে। তখন আমি ভালোভাবে লক্ষ্য করে একটি বন্য গাধা দেখতে পেলাম। আমি সেটিকে ধাওয়া করলাম এবং বর্শা ছুড়ে সেটিকে বিদ্ধ করলাম।

তারপর সাহাবিদের সাহায্য চাইলাম। কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালো। পরে আমরা সবাই এর মাংস খেলাম এবং রাসুলুল্লাহ (সা.)-থেকে বিচ্ছিন্ন হয়ে পিছনে পড়ে যাওয়ার আশংকা হলে আমি দ্রুত তাঁর সন্ধানে চললাম। কখনো ঘোড়া দ্রুত আবার কখনো সাধারণভাবে হাকাচ্ছিলাম।
মধ্যরাতে গিফার গোত্রের এক ব্যাক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি শেষ কোথায় রাসুলুল্লাহ (সা.)-এর সাক্ষাৎ পেয়েছো? সে বলল, আমি তাঁকে তাহিন নামক স্থানে ছেড়ে এসেছি। (শুনেছি) তিনি সুফয়া নামক স্থানে দুপুরের সময়টা যাত্রা বিরতি করার মনস্থ করেছেন। আমি (আবু কাতাদা সেখানে গিয়ে) তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনার সাহাবিরা আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার জন্য আল্লাহর রহমত কামনা করেছেন। তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন।
তাই আপনি তাদের জন্য অপেক্ষা করুন। তখন তিনি তাদের জন্য অপেক্ষা করলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি একটি শিকার ধরেছি এবং তার কিছু অংশও আমার কাছে অবশিষ্ট আছে। রাসুলুল্লাহ (সা.) লোকদের বললেন, তোমরা খাও। তারা ইহরাম অবস্থায় ছিলেন। (সহিহ মুসলিম, হাদিস নং : ১১৯৬)









