জাতীয়

মুসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি জব্দ

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রঙ বদলে ফেলা হয়েছিল, গাড়িটি লুকিয়েও ফেলেছিলেন কিন্তু শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পারেননি।

 

শুল্ক ফাঁকি দেওয়া একটি কালো রেঞ্জ রোভার গাড়ি আটক করতে মুসা বিন শমসেরের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা আজ মঙ্গলবার অভিযান চালান। দিনভর নাটকীয়তা শেষে গাড়িটি বিকেলে ধানমন্ডি থেকে জব্দ করা হয়েছে।

 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটি ভুয়া আমদানি দলিলাদি দিয়ে (ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে) রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি- ১০৪৫৯১১, তারিখ ১৩/১২/২০১১ এ ১৩০% শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়। এ ছাড়া রেজিস্ট্রেশনে গাড়িটির রং সাদা উল্লেখ থাকলেও উদ্ধার করা গাড়িটি কালো রঙের। কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে।

 

অবৈধ গাড়িটি জমা দিতে সকাল ৮টায় নোটিস দেওয়া হয় মুসাকে। তখন তিনি বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলেছিলেন বলে জানান মইনুল খান।

 

শুল্ক গোয়েন্দারা বলেন, গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর রোডের মুসার বাড়িতে গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে। কিন্তু এই ফাঁকে গাড়িটি অন্য স্থানে সরিয়ে ফেলেন তিনি।

 

মইনুল খান বলেন, গাড়িটিতে করে সকালে নাতিকে ধানমণ্ডির স্কুলে পাঠান মুসা। দুপুরে শুল্ক গোয়েন্দারা বাড়িতে অভিযান চালানোর পর গাড়িটি আর বাড়িতে আনা হয়নি। নাতিকে অন্য একটি গাড়িতে করে বাসায় আনা হয়।

 

শুল্ক গোয়েন্দার দল গাড়ির খোঁজ করতে করতে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে রাখা অবস্থায় গাড়িটি পান বলে মইনুল খান জানান।

 

ওই বাড়ি থেকে বেলা সাড়ে ৩টার দিকে গাড়িটি জব্দ করা হয়।

 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। এখন শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ