সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ মেরামত কাজ শুরু হবে চলতি মাসে।
সেটি মেরামত কাজ শুরু হলে মাসের শেষের দিকে ইন্টারনেটের গতি কিছুটা ধীর হবে।

বিকল্প ব্যবস্থা করে ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে চেষ্টা করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বিএসসিসিএলের এমডি মশিউর রহমান বলেছেন, আগামী ২৫ থেকে ৩০ জুলাই সিঙ্গাপুরে প্রথম সাবমেরিন কেবলের রিপিটার স্থাপন ও অন্যান্য মেরামত কাজ চলবে। তবে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি থাকায় এ সময়ে ইন্টারনেট গতিতে সমস্যা তেমন হবে না।
বর্তমানে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যায় প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ থেকে। ২০০৫ সালে সাবমেরিন ক্যাবলটির সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ।
২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন।
বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিকল্প ব্যবস্থা থাকায় আন্তর্জাতিক ভয়েস এবং ডেটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।
পূর্ব অভিজ্ঞতা থেকে কোম্পানিটি বলছে, এর আগেও যেহেতু সাবমেরিন ক্যাবলের কাজের সময় ইন্টারনেট ধীর গতির হয়েছিল, তাই এবারও হতে পারে। এজন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে আগেই দুঃখ প্রকাশ করেছে।









