ধর্ম

মালয়েশিয়ার ইতিহাসে সর্বকনিষ্ঠ মুফতি

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ার ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছেন ড. ফাওয়াজ ফাদিল, যিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে আলেমসমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ৪৫ বছর বয়সে ফেডারেল টেরিটোরিজের মুফতি হিসেবে তাঁর নিয়োগ ইসলামী নেতৃত্বের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মুফতি পদটি ইসলামী সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি শুধু ফতোয়া প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া, সমসাময়িক সমস্যার শরয়ি সমাধান তুলে ধরা এবং ধর্মীয় নেতৃত্ব প্রদান করাও এর অন্তর্ভুক্ত। এই দায়িত্বে তুলনামূলক কম বয়সে অধিষ্ঠিত হয়ে ড. ফাওয়াজ প্রমাণ করেছেন যে যোগ্যতা, জ্ঞান ও দূরদর্শিতার মাধ্যমে তরুণ প্রজন্মও নেতৃত্বের শীর্ষস্থানে পৌঁছতে পারে।

তিনি আন্তর্জাতিক মুসলিম আলেম সংঘের সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করছেন, যা তাঁর আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণ যোগ্যতা ও প্রভাবের প্রমাণ বহন করে। তাঁর চিন্তাধারা ও কর্মপদ্ধতিতে ইসলামী পাণ্ডিত্য এবং সমসাময়িক বাস্তবতার একটি সুন্দর সমন্বয় লক্ষ করা যায়। বিশিষ্ট এই মুফতি তাঁর প্রয়াত পিতা, শেখ ফাদিল নূরের স্মৃতি তুলে ধরে পারিবারিক জীবন, জনসেবা ও দাওয়াহর গভীর সম্পর্কের এক অনন্য চিত্র উপস্থাপন করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, তাঁর শৈশবের ঈদ ছিল ভিন্ন এক অভিজ্ঞতা, যেখানে পারিবারিক আনন্দের পাশাপাশি ছিল মানুষের ভিড়, রাজনৈতিক আলোচনা এবং ইসলামী দাওয়াহর ব্যস্ততা।

তাঁর পিতা শেখ ফাদিল নূর, যিনি মালয়েশিয়ান ইসলামিক পার্টির সাবেক সভাপতি এবং একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন, ঈদের সময়ও জনসেবামূলক কার্যক্রমে নিবেদিত থাকতেন। তিনি বলেন, তাঁর পিতার এই নিরলস ব্যস্ততা শুধু একটি পারিবারিক বাস্তবতা ছিল না; বরং এটি তাঁর নিজের ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব ফেলেছে। ছোটবেলা থেকেই তিনি উপলব্ধি করেছেন দায়িত্ব, নেতৃত্ব এবং উম্মাহর সেবার গুরুত্ব কতটা ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। ড. ফাওয়াজ ফাদিলের মতে, এমন পরিবেশে বেড়ে ওঠা তাঁকে শিখিয়েছে কিভাবে ইসলামী জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যার সঙ্গে সংযুক্ত করতে হয়।

বিশ্লেষকরা মনে করছেন, ড. ফাওয়াজ ফাদিলের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি মুসলিম বিশ্বের জন্য একটি ইতিবাচক বার্তা, যেখানে তরুণ আলেমরা জ্ঞান, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার মাধ্যমে নেতৃত্বে এগিয়ে আসতে পারেন। এর মাধ্যমে মালয়েশিয়া ইসলামী জ্ঞানচর্চা ও নেতৃত্বের ক্ষেত্রে একটি গতিশীল ও প্রগতিশীল ধারা অনুসরণ করছে।