সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভক্তরা বলে, শ্রীদেবীর রূপের ছায়া কিছুটা পেয়েছেন তাঁর বড় কন্যা জাহ্নবী কাপুর। অভিনয়েও মায়ের মর্যাদা রাখছেন তিনি। বলিউড থেকে দক্ষিণ ভারত, গ্ল্যামার ও অভিনয়ে নিজেকে প্রমাণ করছেন বারবার। জাহ্নবীর মাঝেই যেন নতুন শ্রীদেবীকে খুঁজে পাচ্ছে দর্শক ও নির্মাতারা।
এবার তাই মায়ের অভিনীত চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী।
শ্রীদেবীর অন্যতম জনপ্রিয় ছবি ‘চালবাজ’-এর রিমেক হতে যাচ্ছে। বলিউড হাঙ্গামার সূত্র বলছে, এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন জাহ্নবী। সূত্রের ভাষ্য, “জাহ্নবীর জন্য ‘চালবাজ’ শুধুই একটি ছবি নয়, এটা তাঁর কাছে আবেগ।

এ কারণে প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে গেছেন। তবে ছবিটি করলে মায়ের সঙ্গে তাঁর তুলনা হবে, এ নিয়ে একটু চিন্তিত তিনি।”
ছবিটির জন্য কোনো পারিশ্রমিকও নেবেন না জাহ্নবী। শোনা যাচ্ছে, এ মাসের শেষ দিকেই ছবিটির সবকিছু চূড়ান্ত হবে।
কে ছবিটি পরিচালনা করবেন, আর জাহ্নবীর সঙ্গেও বা কাকে দেখা যাবে, সেসব এখনো জানা যায়নি।
এদিকে জাহ্নবী অভিনীত নতুন ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছে ২৯ আগস্ট। মুক্তির পর থেকেই মিলছে ইতিবাচক সাড়া। বক্স অফিসে তিন দিনেই ছবিটির আয় প্রায় ৪০ কোটি রুপি। ছবিতে জাহ্নবীর সঙ্গে আছেন সিদ্ধার্থ মালহোত্রা।
এর মধ্যে জাহ্নবীর আরেক ছবি ‘সানি সংস্কারি কি তুলসিকুমারী’র টিজার প্রকাশিত হয়েছে। সেটা নিয়েও চলছে দারুণ চর্চা। এ ছবিতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।









