সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর হাজারীবাগের বড়ইখালীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা আজকের (শনিবার) মধ্যে মামলা তুলে না নিলে তাকে হত্যার হুমকি দেয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোনে এই হুমকি দেওয়া হয়। ফোনে তাকে বলা হয়, ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, তিনি ভুক্তভোগী মামলার বাদীর সঙ্গে কথা বলেছেন। বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে একটি নম্বর থেকে ফোন করে শনিবারের মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য এক দিনের সময় বেঁধে দেওয়া হয় এবং তা না মানলে লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মুঠোফোন নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সিমটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধরমনাথ সুরমা চা-বাগানের এক নারী শ্রমিকের নামে নিবন্ধিত। ওই নারী একজন দরিদ্র হিন্দু চা-শ্রমিক।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, আসল পরিচয় গোপন করে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমটি সংগ্রহ করা হয়েছিল এবং সেই নম্বর থেকেই এই হুমকি দেওয়া হয়।
ওসি মোশাররফ হোসেন আরো জানান, বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের একটি অডিও রেকর্ড তাদের হাতে এসেছে এবং তা যাচাই-বাছাই করা হচ্ছে। মূল ঘটনা ও মামলার পাশাপাশি হুমকির বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়।
সেই মামলার বাদীকে এবার মামলা তুলে নেওয়ার জন্য সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হলো।









