সদ্য প্রকাশিত
মতামত

মানুষের অবিশ্বাস দূর করতে হবে

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২২৭ মিনিট পড়া
মানুষের অবিশ্বাস দূর করতে হবে

কলকাতা থেকে একবার রাজধানী এক্সপ্রেসে দিল্লি আসছিলাম। সহযাত্রী ছিলেন ঢাকার এক ছাত্র। পড়াশোনার কারণে তিনিও হাওড়া থেকে দিল্লি আসছিলেন। বিকেলবেলা ট্রেনে উঠেছিলাম।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ছুটন্ত ভারত দেখতে দেখতে সেই তরুণ আমাকে বলেছিলেন, ‘দাদা, আপনাদের দেশ কত বড়! সেই কাল কখন ট্রেনে উঠেছি, এখনো শেষ হলো না। দেশটা চলছে তো চলছেই। ’ আমি বললাম, হ্যাঁ, অতীতের ভারতবর্ষ আজকের ‘ইন্ডিয়া’ ভৌগোলিক আয়তনে নিশ্চয়ই অনেক বড়। তরুণটি বললেন, ‘আমাদের বাংলাদেশ তো আপনাদের কাছে খুবই ছোট একটা দেশ। ’ আমি বললাম, আয়তনে ছোট; কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের গুরুত্ব অনেক অনেক বড়। বাংলাদেশের কাছে আমাদের প্রয়োজনও প্রকাণ্ড।

আজ বহু বছর পর এই ছোট্ট ঘটনাটা মনে পড়ে গেল। এটা প্রায় ২৫ বছর আগের কথা। কিন্তু আজ যখন ইউক্রেন নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সাঁড়াশি আক্রমণ চলছে আর ভারতের নাভিশ্বাস উঠছে। দিল্লির সাউথ ব্লকের কালঘাম ছুটে যাচ্ছে। যখন পাকিস্তান আর আফগানিস্তান গলা জড়াজড়ি করে ভারতের দুটি ফ্রন্ট থেকে আক্রমণের শাসানি দিচ্ছে, সেই সময় ভারত আর বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত করার জন্য হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরে দুই দেশের মধ্যে তিন দিন ধরে একটা ‘ট্র্যাক টু’ আলোচনা হয়েছে। এই ‘ট্র্যাক টু’ আলোচনাটা কতটা ট্র্যাক টু আর কতটা ট্র্যাক ওয়ান, সেটা নিয়েও প্রশ্ন আছে। তার কারণ দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, হাইকমিশনাররা ছিলেন। কিন্তু সবচেয়ে বড় যে তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটা হলো এই বৈঠকে ভারতের বিশিষ্ট কিছু আরএসএস নেতা ছিলেন, যেখানে রাম মাধব এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের মতো সংস্থা এই আয়োজনের মধ্যমণি। আবার এম জে আকবরের মতো বিশিষ্ট লেখক ও রাজনৈতিক নেতা বাংলাদেশের বন্ধু। তাঁর উপস্থিতিও তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনের তাৎপর্য আমরা আজকে আলোচনা করব; কিন্তু তার আগে বলি, ভারত আর বাংলাদেশের সম্পর্কটা আজকে খুব বেশি প্রয়োজন। আবার এটাও বলা প্রয়োজন যে এই সম্পর্ক ও অতীতের ঐতিহ্যের যে গরিমা, তা ম্লান করে দিয়ে এই বন্ধুত্বে ফাটল ধরাতে চাইছে কেউ কেউ।

বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এই দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক ঘনিষ্ঠতা, আজও তার প্রাসঙ্গিকতা অনেক। দুই দেশের সাংস্কৃতিকজগতের মধ্যে অনেক মিল আছে। এই কারণে আবহমানকাল থেকে উভয় দেশের সাংস্কৃতিক সম্পর্কও খুব ঘনিষ্ঠ। আর এই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি চালু করেছে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তা ইতিবাচক প্রভাব ফেলেছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের আওতায় বৃত্তির সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটি খাতে ভারত সরকার বৃত্তি চালু করেছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে মৈত্রী বৃত্তি, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বৃত্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর চেয়ার বৃত্তি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ও ভারত সরকার স্বাধীনতা-উত্তরকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। পদ্মার পানিবণ্টন চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য পণ্যের শুল্কমুক্ত সুবিধায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর হলেও বেশ কয়েকটি বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। যেমন—তিস্তার পানিবণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা। তিস্তার পানিচুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি। কিন্তু বাংলাদেশ ও ভারতের এই যে একটা অসাধারণ ভালো সম্পর্ক, এটা যেহেতু একটা মজবুত ভিত্তির ওপরে দাঁড়িয়ে, সেহেতু পৃথিবীর অনেক দেশই এই সম্পর্কের ক্ষেত্রে ঈর্ষা করতে শুরু করে। দুই দেশের বেশ কিছু মোড়ল এবং এই মোড়লদের দেশের বাইরের অভিভাবকরা এই সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। উভয় দেশের সরকারের উচিত সে বিষয়ে সতর্ক থাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়েও মানুষের মধ্যে সম্পর্কটা একটা মজবুত ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। সেই কারণে সিমলা বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও সার্বভৌম রাষ্ট্র গঠনে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সব গণতান্ত্রিক নিয়ম ও মূল্যবোধ মেনে চলেছে। এবারের বাংলাদেশ ও ভারতের যে বন্ধুত্বপূর্ণ সংলাপ, এটা দশম রাউন্ড। বাংলাদেশ ও ভারত সম্পর্কে বঙ্গবন্ধুর দর্শন নিয়ে সবিস্তার আলোচনা শুরু হয়েছে। গণতন্ত্রের ভিত্তিই হলো কথোপকথন। এই কথোপকথনে গুরুত্বপূর্ণ হলো আরএসএসের অংশগ্রহণ। নবম রাউন্ডে কথোপকথন হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রাম-কক্সবাজারে। এবারের সম্মেলনে হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহও ছিলেন।

রাম মাধব ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য। তাঁর থাকাটা খুবই তাৎপর্যপূর্ণ। মো. শাহিরয়ার আলম উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে শান্তি ও স্থায়িত্বে তিনি বিশ্বাস করেন। সব দেশকে এই শান্তির পথে চলতে হবে। আর সেটাই আগামীর পথ। এর জন্য দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগ আরো বাড়াতে হবে। দুই দেশেরই নাগরিক সমাজ ইতিবাচক আখ্যান নিয়ে উপস্থিত হয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক বৃদ্ধি সেটা এই পরিস্থিতিকে আরো জোরদার করতে সাহায্য করছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য মির্জা আজম, অসীম কুমার উকিল ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। সবচেয়ে বড় কথা, এই বৈঠক আগেও হয়েছে। কিন্তু যেহেতু কিছুদিন আগেও যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে ভারতের মধ্যে আরএসএস তথা সংঘ পরিবার সাম্প্রদায়িকতার ইস্যু তুলে বাংলাদেশবিরোধী প্রচার করেছিল, শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতা কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে গিয়ে সোচ্চার হয়েছিলেন, তাতে পরিস্থিতিটা জটিল হয়েছিল। এবারের যে সম্মেলন হচ্ছে, সেখানে এ বিষয়ে আলোচনা হবে, তা নয়। কারণ দুই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনার কোনো প্রশ্নই উঠছে না; কিন্তু যে আরএসএসের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে ভারতে কট্টর হিন্দুত্ববাদী মত, যারা বাংলাদেশবিরোধিতায় সোচ্চার হয়েছিল, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের ভুল-বোঝাবুঝি বেড়েছিল।

আরএসএস নেতা রাম মাধবের এই অনুষ্ঠানে অংশগ্রহণ আরএসএসের সঙ্গে যে এনগেজমেন্টের প্রক্রিয়া, সেটা কিন্তু এবার বেশি তাৎপর্যপূর্ণ। এর কারণ ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা না হলে এটা নিয়ে একটা বৃহৎ প্রেক্ষাপট তৈরি হয়। একটা ইতিবাচক আবহ তৈরি হয়, যেটা এর আগে হয়নি। এবারই হলো।

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্য, নীতিনির্ধারক ও থিংকট্যাংকগুলো নিয়ে দুই দিনের এই হাই প্রফাইল সংলাপ দুই দেশের পরিস্থিতিকে ইতিবাচক দিকে নিয়ে যেতে সাহায্য করবে। ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ’ নামে পরিচিত এই প্ল্যাটফর্মে আরএসএসের নেতারা এ জন্যই ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শের অভিভাবক হিসেবে পরিচিত। আসলে সম্প্রতি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়গুলোতে যে অস্বস্তি, সেগুলো দুই পক্ষই কিভাবে অ্যাড্রেস করে, সেটা তারা দেখতে চায়। এখানে এটা বলা যেতে পারে, ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তি আছে। আর সে কারণেই এই ‘মৈত্রী সংলাপ’ সাত থেকে আট বছর ধরে কাজ করছে। একইভাবে সেটা বিজেপি ও আওয়ামী লীগের মধ্যেও মতবিনিময়ের একটা মঞ্চ হিসেবে কাজ করে। সেটা শুধু সরকারের সঙ্গে সরকারের নয়। তাই উদ্যোগটা নতুন না-ও হতে পারে। কিন্তু উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব থাকায় এটা সন্দেহের মেঘ দূর করতে বিশেষভাবে সাহায্য করবে।

গত বছরের অক্টোবর মাসে দুর্গাপূজার সময় বাংলাদেশে মণ্ডপ ভাঙচুর, হিন্দু নির্যাতন—এসব ঘটনা নিয়ে বিজেপি ও আরএসএসের মধ্যেই সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আরএসএসের প্রফুল্ল কেতকারও প্রথমবারের মতো এ সংলাপে যোগ দিয়েছেন। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রীরাধা দত্তও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি বলেছেন, মৈত্রী সংলাপ প্ল্যাটফর্ম এর আগেও ব্যবহৃত হয়েছে। আর সেটা খুব ভালোভাবে কাজ করেছে। সবাই সবাইকে খুব ভালো করে চেনেন এবং জানেন। সুতরাং এ রকম একটা জটিল সময়ে একদিকে আরএসএস, আরেক দিকে বাংলাদেশের হেভিওয়েট টিম থাকায় সমস্যাগুলো দুই পক্ষই সম্পর্ক উন্নয়নে একটা আন্তরিক চেষ্টা করবে। বাণিজ্যের বিষয়টি তো আছেই। বাণিজ্যের কানেক্টিভিটি দিকগুলোর যে ভুল-বোঝাবুঝি আছে, সেগুলো নিরসনে সচেষ্ট হতে হবে। বন্দর, রেল, সড়কপথ, নতুন রাস্তা, ব্যবসা—এগুলো নিয়ে দুই দেশের নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ ও অবিশ্বাসের উপাদান রয়েছে, সেগুলো দূর করতে সচেষ্ট হতে হবে। সুতরাং এককথায় বলা যায়, এই তিন দিনের বৈঠক এবং এই আলোচনা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা এই উপমহাদেশের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। শেখ হাসিনা সব সময় এই পরিস্থিতি তৈরিতে সাহায্য করেছেন। ভারত সে কারণে শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো শক্তিশালী ও মজবুত হলে ভারতের লাভ বলে ভারত সরকার মনে করে।

 

সূত্রঃ কালের কণ্ঠ