সিনিয়র এএসপি আনিসুল করিমকে হত্যার ঘটনায় রেজিস্ট্রারকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে বিক্ষোভ করেছেন চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা। তারা হাসপাতালের পরিচালককে তার কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

আজ বুধবার সকাল ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের আড়াই ঘণ্টা সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অপেক্ষায় থাকতে হয়।

দুপুর ১২টা ৩০ মিনিটের পরে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা শুরু হলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বিধান চন্দ্র রায় পোদ্দারসহ কয়েকজন কর্মকর্তা তখনো প্রশাসনিক ব্লকে তাদের কক্ষে অবরুদ্ধ ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ডা. মামুনের পরামর্শেই আনিসুল করিমকে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল থেকে আদাবরের ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল এবং মাইন্ডএইডে রোগী পাঠানোর জন্য তিনি কমিশন পেতেন।
কর্মকর্তা-কর্মচারীরা তাদের আন্দোলনে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাকে গ্রেফতার অবৈধ। গ্রেফতারের যথাযথ ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করা। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত হাসপাতালের কর্মীদের নির্ভয়ে কর্মপরিবেশ বাস্তবায়ন করতে হবে। এছাড়া বিএপি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়শেনের নেতাদের উপস্থিত হয়ে কর্মকর্তাদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তারা।
সূত্রঃ কালের কণ্ঠ









