সিল্কসিটিনিউজ ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের এক ইমামসহ তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সেরাজনগর (নয়াচর) এলাকার উদয়ন কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার সেরাজনগরের (নয়াচর) নয়ারবাড়ি মসজিদের ইমাম নাহিদ হোসেন (১৭), তার বাবা জাকির হোসেন (৬০) ও ভাই জাহিদ হোসেন (২৫)।
আহত নাহিদের বোন জাকিয়া সুলতানা জানান, তার বাবার দুই চাচাতো ভাই মানিক ও করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তাদের ক্রেতা হলেন, একই এলাকার সিয়াম, প্রান্ত ও মুন্নাসহ স্থানীয় অনেক যুবক। বিষয়টি জানার পর মসজিদের ইমাম নাহিদ এবং স্থানীয় যুবকরা মিলে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে নাহিদের ওপর ক্ষিপ্ত হন মাদকাসক্ত সিয়াম, প্রান্ত ও মুন্নাসহ তার লোকজন।
এরই জেরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে হাঁটার সময় সিয়াম, প্রান্ত ও মুন্নার নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী পিস্তল, দা, ছুরি ও লাঠি নিয়ে নাহিদের ওপর হামলা চালায়।
এতে তার মাথা, হাত ও শরীরে বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। ওই সময় নাহিদকে বাঁচাতে গিয়ে তার বাবা জাকির হোসেন ও বড় ভাই জাহিদ হোসেনও আহত হন। আহত নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নরসিংদীতে পাঠানে হয়েছে।
আহত অপর দুজনকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
আদিয়াবাদ ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য শওকত আলী বলেন, ‘মাদকবিরোধী প্রতিবাদের জের ধরেই ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।










