নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর ইয়াবা চক্রের সাথে সংশ্লিষ্টতা বিষয়ক সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ এবং এসএ টিভির প্রতিনিধিসহ তিনজনের নামে বৃহস্পতিবার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে রাবি ছাত্রলীগের দুই নেতা এ মামলা দায়ের করেন। তবে এ মামলা হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন অভিযুক্ত সাংবাদিকরা।
গত ৯ নভেম্বর এসএ টিভিতে ‘ইয়াবা চক্রে জড়িত রাবি ও রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়। এতে রাবি ছাত্রলীগের ১১ জনের নাম উল্লেখ করা হয়। এর মাধ্যমে ছাত্রলীগ নেতাদের মানহানি ঘটানো হয়েছে উল্লেখ করে এ মামলা করা হয়।

মামলায় আসামি দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার রাবি প্রতিনিধি হাসান আদিব রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতির দায়িত্বে রয়েছেন। বাকি দুজন এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম এবং সাঈদ ক্যামেরা পারসন হিসেবে কর্মরত। ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাবি ও রুয়েটে ইয়াবা চক্রের বিষয়ে গত ৯ নভেম্বর এসএ টিভি এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। এতে মুশফিক তাহমিদ তন্ময় ও রবিউল আউয়াল মিল্টনের নাম উল্লেখ করে তাদের মর্যাদার হানি ঘটানো হয়েছে। এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।
অভিযুক্ত হাসান আদিব বলেন, ‘সংবাদের মূল সূত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অধিশাখার প্রতিবেদন। এ ছাড়া সংবাদের সাথে সংশ্লিষ্ট সকলের বক্তব্য এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে কথা বলে সত্যতা পাওয়ার পরেই সংবাদ পাঠিয়েছি। বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও শুধু দুটি গণমাধ্যমের প্রতিনিধির নামে মামলা করা হয়েছে। সুতরাং এটি পূর্ব শত্রুতা ও উদ্দেশ্যমূলক মামলা ছাড়া আর কিছু নয়। আমার কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। সেগুলো আদালতে উপস্থাপন করলে আশা করছি বিষয়টি আদালত বিবেচনা করবেন।’
এস এ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে তারা এ মামলা করেছে। তাদের আইনগত অধিকার রয়েছে মামলা করার। আমরাও তাই আইনিভাবেই মোকাবিলা করবো।’
এদিকে সাংবাদিকের নামে হয়রানি ও উদ্দেশ্যমূলক মামলা করার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেস ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো।
স/শ










