সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাগেরহাটে মাদক বন্ধে ব্যবসায়ীদের তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ সারহান নাসের তন্ময়।
আগামী তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ করে নিজেদের না শুধরালে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও ঘোষণা দেন তিনি।

সংসদ নির্বাচনের পর শপথ নিয়ে নির্বাচনী এলাকায় ফিরেই বুধবার রাতে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন হুশিয়ারি উচ্চারণ তরুণ এই এমপি।
তিনি বলেন, বাগেরহাটের কারা মাদক ব্যবসা করেন তারা কিন্তু চিহ্নিত, তাদের তালিকা আমার হাতে আছে। আমি কিন্তু ওই তালিকা কাউকে এখনো দেইনি বা এখনো কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি।
সারহান নাসের তন্ময় বলেন, বাগেরহাটে মাদকের ভয়াবহতা এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। মাদক শহর থেকে গ্রামে গ্রামে পৌঁছে গেছে। প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে খুব শিগগিরই মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু করবে। বাগেরহাটে মাদকের কোনো স্থান থাকতে দেয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতরা কেউ রক্ষা পাবেন না।
শেখ তন্ময় এমপি বলেন, নির্বাচনে অংশ নিয়ে আমি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাগেরহাট গড়ে তুলব। সম্ভাবনাময় তরুণ প্রজন্মের সামনে এগোনোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক। তরুণরা যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।
তিনি আরও বলেন, দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ রয়েছেন। তাদের মাদক থেকে দূরে রাখতে হবে। তাই বাগেরহাট শহরকে আধুনিক উন্নত করে গড়ে তুলতে মাদক নির্মূল করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ।
বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা ড. একে আজাদ ফিরোজ টিপু ও জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ তন্ময় এমপি বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদরের ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নে গিয়ে ব্যক্তিগত প্রচেষ্টায় কয়েক হাজার শীতার্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিকালে তিনি শহরের রেল রোডে দলীয় অফিসের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।










