সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার সদর দক্ষিণে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ছেলে ও ছেলের বউকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রামনগর গ্রামের মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।
আটকরা হলেন নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধরও করেছিলেন।
তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকীর ভয়ে নিরসনে কেউ আগায়নি।
নিহতের বড় মেয়ে শিউলী আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে আমার ভাই শাহিন ও তার স্ত্রী লাকী তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল।
গতকাল শনিবারও আমার মা-বোনকে তার স্ত্রী মারধর করেছে। সম্পত্তির লোভে আজ তারা স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন আসামি হিসেবে নিহত লুৎফা বেগমের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশগুলোর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট না পেয়ে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।’










