সিল্কসিটিনিউজ ডেস্ক :
মা-বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাকে পুঁজি করে এক স্কুলছাত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে একটি ভুয়া কবিরাজ চক্র। তবে শেষ পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযানে চক্রটির মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী লুবাবা (১২) সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভুয়া তান্ত্রিকদের প্রলোভনে পড়ে।

মা-বাবার ভালোবাসা বাড়ানোর আশ্বাস দিয়ে ‘কবিরাজ’ পরিচয়ে একটি ইমু অ্যাকাউন্ট দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা।
প্রতারকদের কথায় বিশ্বাস করে শিক্ষার্থীটি প্রথমে বিকাশের মাধ্যমে তাদের কাছে দুই লাখ ৪৩ হাজার টাকা পাঠায়। পরে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও আরো এক লাখ টাকা তাদের হাতে তুলে দেয়। এক বিকাশ এজেন্টের দোকান থেকে আবার ওই শিক্ষার্থী টাকা পাঠাতে গেলে বিষয়টি তার বাবাকে জানানো হয়।
এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে পিবিআই গাজীপুর ও ময়মনসিংহে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্য—মনির হোসেন (২১), মুছা মিয়া (২৯) ও রফিকুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করে। তারা সবাই জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর এলাকার বাসিন্দা।
অভিযানে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় পিবিআই।
পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, ‘চক্রটির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার প্রলোভনে পড়ে যাচাই ছাড়া অর্থ লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’









