সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মা-বাবার খেদমত করলে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। বাবা-মার দোয়া তোমার ওপর থাকলে মনে করবে আল্লাহর রহমত তোমার ওপর রয়েছে। তাই যাদের যাদের মা-বাবা বেঁচে আছেন তারা অবশ্যই মা-বাবার খেদমত করবে। এর কোনো বিকল্প নেই।
অহংকারকারীদের আল্লাহ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, তোমরা কখনো অহংকার করবে না। সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, দেশকে ভালোবাসবে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতাহাসিক মাদানী নগর মাদরাসার মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় মাদরাসার ছাত্রদের উদ্দেশে এ কথাগুলো বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল কাউন্সিলর-২ মতিউর রহমান মতি, মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্যাহ, নাসিক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল ও আবুল হাসনাত কবীর প্রমুখ।
প্রবীণ এ রাজনীতিবিদ আরো বলেন, এক শ্রেণীর ভন্ড ইসলামকে নষ্ট করে দিচ্ছে। তারা ইসলামের অপপ্রচার করছে। তাই তোমাদেরকে ইসলামের সঠিক পথ প্রদর্শন করতে হবে। তোমাদের উদ্দেশ্য ঠিক থাকলে আবশ্যই আল্লাহর রহমত তোমাদের পাশে থাকবে।









