সদ্য প্রকাশিত
রাজনীতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান রিজভী। বিবৃতিটি পাঠান বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রিজভী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা ও সন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণকে ভীত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষাংশে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রুহুল কবির রিজভী।