সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতীয় বাহিনীর হামলায় পাকিস্তানের ৩ সৈন্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদের সংবাদমাধ্যম। পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে তারা এ দাবি করছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে দাবি করা হয়, দিনভর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোলে) দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে পাকিস্তানের তিন সৈন্য প্রাণ হারিয়েছে। গোলাগুলির এক পর্যায়ে আঘাত লাগে একটি যাত্রীবাহী বাসে। সেখানে নিহত হয় আরও ৯ বেসামরিক লোক। আর আহত হয় ১১ জন।
পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে মঙ্গলবার (২২ নভেম্বর) কাশ্মীর সীমান্তে ৩ ভারতীয় সৈন্যের মরদেহ উদ্ধারের জের ধরে, যেখানে একজনের মুণ্ডুচ্ছেদও ছিল।
সূত্র: বাংলা নিউজ










