জাতীয়

ভাঙ্গায় দুর্বৃত্তের বিষে মাছ নিধন, সর্বস্ব হারানোর পথে চাষি

নিউজ ডেস্ক৬ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিষপ্রয়োগে একটি পুকুরের প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে দিশাহারা অবস্থায় পড়েছেন চাষি আনোয়ার মাতুব্বর।

এলাকাবাসী জানায়, আনোয়ার মাতুব্বর প্রায় সাড়ে তিন বিঘা (১৮০ শতক) জমির ওপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

তবে আজ সকালে দেখা যায়, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
এ বিষয়ে আনোয়ার মাতুব্বর বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে পুকুরে গিয়ে দেখতে পাই হাজার হাজার মাছ মরে পানির ওপর ভেসে আছে।’

তিনি আরা বলেন, ‘দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা খামার এক রাতেই শেষ হয়ে গেছে।

এখন আমি নিঃস্ব হওয়ার পথে। আমার প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভাঙ্গা থানাকে জানানো হয়েছে।’
ভাঙ্গা উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্ত মাছ চাষি আনোয়ার মাতব্বর আমার কাছে এসেছিলেন।

আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।’
নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ও উত্তর আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। মাছ চাষিকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।