সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিদেশ-বিভুঁইয়ে নয়, এই ভারতের মাটিতেই কাজ। আর মোটেই তা বিনি পয়সায় নয়। রীতিমতো নগদনারায়ণের বিনিময়েই ‘চাকরি’। একটাই কাজ আপনাকে করতে হবে, জনৈকা তরুণীর বয়ফ্রেন্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আর এটা একেবারেই আইনি কাজ। রীতিমতো অ্যাপের মাধ্যমে অপারেটেড হবে আপনার অ্যাসাইনমেন্ট।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্প্রতি মুম্বই আর পুণেতে লঞ্চ হয়েছে ‘রেন্ট আ বয়/ ফ্রেন্ড’ নামের এই অ্যাপ। অ্যাপ-কর্তা কৌশল প্রকাশ জানিয়েছেন, এই অ্যাপটি আসলে সেই সব তরুণীর পাশে এসে দাঁড়াতে চায়, যাঁরা প্রেমহীনতার কারণে অবসাদে ভুগছেন।

কৌশল আরও জানিয়েছেন, তাঁর অ্য়াপের মাধ্যমে তরুণীরা সেই সব ‘ভদ্রলোক’-এর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হবেন, যাঁরা অন্তত পক্ষে ১০ বা ১২ ক্লাস পাশ, সুদর্শন এবং ভাল কথা বলতে পারেন। রীতিমতো অডিশন নিয়েই এই কাজে তাঁরা নিযুক্ত হচ্ছেন। বয়ফ্রেন্ডের ভূমিকায় যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না।
তাঁর অ্যাপ কোনও রকম অশালীন কাজের জন্য নয়। মধুচক্র চালানো বা জিগোলো ভাড়া দেওয়াও তাঁর অ্যাপের উদ্দেশ্য নয়। তাঁর অ্যাপের মাধ্যমে কোনও রকম যৌনতাকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন কৌশল।
রীতিমতো কাঞ্চনমূল্যে পেতে হবে এই ‘বয়ফ্রেন্ড’। তিন রকম বয়ফ্রেন্ড পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে। তাঁদের ‘ভাড়া’-ও তিন রকম। সেলিব্রিটি বয়ফ্রেন্ডের জন্য ৩০০০ টাকা, মডেল বয়ফ্রেন্ডের জন্য ২০০০টাকা এবং সাধারণ বয়ফ্রেন্ডের জন্য ৩০০-৪০০ টাকা প্রতি ঘণ্টায় ভাড়া লাগবে।
শুধু বয়ফ্রেন্ড নয়, যে কোনও অবসাদ বা মানসিক সমস্যাতেই তাঁর অ্যাপ মানুষের পাশে এসে দাঁড়াবে। মাত্র ৫০০ টাকার বিনিময়ে মিলবে সাইকিয়াস্ট্রিস্টের পরামর্শ।
প্রসঙ্গত, জাপানে পরিবার-বিচ্ছিন্ন মানুষের কাউন্সেলিংয়ের জন্য ‘রেন্ট আ ফ্যামিলি’ পরিষেবা চালু রয়েছে। এদেশে কৌশলের অ্যাপ সেই পথেই হাঁটতে চাইছে।









