সিল্কসিটিনিউজ ডেস্ক:
নরসিংদীতে হুমায়ূন কবির নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় দুইজন ব্যাক্তি তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। ওই দুই যুবক সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।









