ছবিঘর

ব্যাচেলর পয়েন্টের সংবাদ সম্মেলনের দিন একাই কেঁদেছি : পারসা ইভানা

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের নতুন সিজন। এই ধারাবাহিকের আলোচিত চরিত্র ইভা। ইভা চরিত্রটি নাটকে একজন নাচের শিক্ষক। যার সঙ্গে কাবিলা প্রেম করার চেষ্টা করে।

এই চরিত্রটি করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। তবে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনে পারসা ইভানাকে দেখা যাচ্ছে না। তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখান থেকেই জানালেন কেন ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনে যুক্ত হননি, দেশে ফিরবেন কি না! জানালেন নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে।
 

যুক্তরাষ্ট্রে কী করছেন? 
এখানে আমার মা থাকেন। মায়ের কাছেই আছি।

শুধুই কি মায়ের কাছে বেড়াতে যাওয়া, নাকি অন্য কিছু করছেন? 
বেড়াতে তো আসা হয়। তবে এবার এখানে এসে একসঙ্গে অনেকগুলো কাজ করছি।

যেমন?
অভিনয় ও নাচের কোর্স করছি। ৩ মাসের অভিনয় শেখার কোর্স করছি। এটা শেষের দিকে। আর নাচের একটা কোর্স করছই। এটাকে বলে, ড্যান্স সামার ইনটেনসিটি।

কোর্স শেষ কবে, দেশে ফিরবেন নাকি ফেরার ইচ্ছে নেই? 
কোর্স শেষের দিকে। আর দেশে অবশ্যই ফিরবো। ফিরবো না কেন? আগামী মাসেই আমি দেশে ফিরবো, আগস্ট।

অভিনয়ের কোর্স করলেন, নিশ্চয়ই লক্ষ্য অনেক দূর? 
আমি অভিনয় করতে চাই। সেটা ছোত পর্দা হোক, বড় পর্দা হোক। ভালো গল্পের ভালো কাজ করতে চাই। জানি না, কতটুকু সুযোগ আমাকে দেওয়া হবে। আদৌ কিছু করতে পারবো কি না, কিন্তু বিশ্বাস করেন আমি অভিনয়টাই করতে চাই।

বোঝা যাচ্ছে আপনাকে আগামীতে সিনেমাতেও দেখা যাবে… 
আমি ঠিক জানি না। এটা নির্ভর করবে পরিচালকদের ওপর।

এবারের ব্যাচেলর পয়েন্টে আপনি তো নেই? 
হ্যাঁ। আমি নেই এবারের ব্যাচেলর পয়েন্টে।

একটা নতুন সিজন শুরু হলো, আপনি নেই। খারাপ লাগছে না?   
ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের ব্যাচেলর পয়েন্টে আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে। আমার মনে আছে যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল শুধু আমি ছিলাম না। তবে আমি তাদের জন্য খুশি। কোনোকিছুই কারো জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেমম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কি না জানি না, আমার ভালো লাগে।