সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অর্থ ও বাণিজ্য

‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৬৫ মিনিট পড়া
‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’ সমকালের শিরোনাম। খবরে বলা হচ্ছে, প্রতিবছর জুন শেষ হলেই বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। আগের মাসের চেয়ে কয়েক গুণ বিদ্যুৎ বিল, হাতে পেয়েই অনেকের চোখ কপালে ওঠে। এবারও নিয়মে ফেরেনি এই অনিয়ম।

গ্রাহকদের প্রশ্ন, বাসায় নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয়নি, তার ওপর ছিল লোডশেডিং। তবু কেন জুনের বিদ্যুৎ বিল কয়েক গুণ বাড়ল!

ক্ষুব্ধ গ্রাহকদের এমন যৌক্তিক প্রশ্নে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম দাবি করছেন, জুনে তাপমাত্রা বেশি থাকায় বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে। তাই আগের মাসের চেয়ে বিল বেশি এসেছে। তিনি মনে করেন, বিদ্যুতের দাম বেড়েছে। এ জন্য অনেকেরই বিল বেশি এসেছে, এটা স্বাভাবিক।

দেশে বিদ্যুৎ গ্রাহক প্রায় পাঁচ কোটি। এর বড় একটি অংশ এখনও পোস্টপেইড মিটার ব্যবহার করেন। এসব গ্রাহকের অভিযোগ, অনেক এলাকায় নিয়মিত মিটার রিডিং নেওয়া হয় না। কোথাও কোথাও দেওয়া হয় অনুমাননির্ভর বিল। আবার কোথাও একসঙ্গে কয়েক মাসের রিডিং যোগ করা হয়।

অন্যদিকে, প্রিপেইড মিটার ব্যবহারকারীরা বলছেন, জুন-জুলাইয়ে বিদ্যুৎ বিল রিচার্জ করার পরপরই টাকা হাওয়া হয়ে যাচ্ছে।

রাজধানী ঢাকা তো বটেই; নারায়ণগঞ্জ, সাভার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি এলাকা থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের এমন অভিযোগ মিলেছে।

‘জ্বালানি ও গম আমদানি বেড়েছে’ কালের কণ্ঠের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ২০২৫-২৬ অর্থবছরে দেশে জ্বালানি তেল ও এলএনজি আমদানি বেড়েছে। একই সময়ে গম আমদানিও বেড়েছে, যা বাজারে সরবরাহ বাড়াতে সহায়তা করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এই সময়ে ৭০.৪১ বিলিয়ন ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০.৬৮ বিলিয়ন ডলার জ্বালানি বা পেট্রোলিয়াম। জ্বালানি আমদানি বেড়েছে ৬.৪২ শতাংশ। কারণ আগের বছর জ্বালানির জন্য খোলা এলসি নিষ্পত্তি হয়েছিল ১০.০৩ বিলিয়ন ডলার।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অভ্যন্তরীণ গ্যাসের খনি থেকে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ক্রমান্বয়ে কমছে। চাহিদা পূরণের জন্য বাধ্য হয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরশীলতা বহুগুণ বেড়ে গেছে।

দেশের শিল্প-কারখানা সচল রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে বিপুল পরিমাণ জ্বালানি তেলের পাশাপাশি কয়লা ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জ্বালানির সঙ্গে খাদ্যপণ্য গমের এলসি নিষ্পত্তি দেড় শ কোটি ডলার থেকে বেড়ে দুই শ কোটি ডলারে উন্নীত হয়েছে।

প্রথম আলোর খবরে বলা হচ্ছে, ২০১৮ সালের ২৯শে জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নজিরবিহীন আন্দোলন গড়ে তোলে।

সে সময় কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা করে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সড়ক ব্যবস্থাপনায় কতটা বিশৃঙ্খলা জমেছে।

আন্দোলনের মুখে সরকার সড়ক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। পরে প্রণয়ন করা হয় নতুন সড়ক পরিবহন আইন। বাড়ানো হয় শাস্তি, জোর দেওয়া হয় চালকদের দক্ষতা, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর। বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু বিশেষ অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও তদারকির উদ্যোগও নেওয়া হয়েছে।

কিন্তু আট বছর পর প্রশ্ন উঠেছে-এসব উদ্যোগের ফল কোথায়? পরিসংখ্যান বলছে, নিরাপদ সড়কের দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, সেই শিক্ষার্থীরাই এখনো বড় ঝুঁকির মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের আট বছর হচ্ছে আজ।

সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।

দ্য ডেইলি স্টার
দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘১২টি প্রতিষ্ঠানে বিএনপিপন্থীদের নিয়োগ দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করল সরকার’।

খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় ১২ জন বিএনপি নেতা-কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অথচ নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানে দলীয়করণ রোধ ও স্বাধীনতা বাড়ানোর কথা বলেছিলো দলটি।

১২টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি নিয়ে সুশাসন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা সমালোচনা করেছেন। বিশেষ উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, যার ওপর আগামী মাসগুলোতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে।

সমালোচকদের মতে, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একজন বিএনপি কর্মীকে নিয়োগ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া এটি নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী।

সুপারিশে বলা হয়েছিল যে, ইসি তার নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই সচিব নিয়োগ করবে এবং তাদের জন্য একটি পৃথক ‘নির্বাচন কমিশন সেবা’ থাকবে।

যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ও সাবেক নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের নিয়োগ ক্ষমতাসীন দলের ৩১-দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির লঙ্ঘন।

নিউ এইজের শিরোনাম ‘সড়ক আরও অনিরাপদ হয়ে উঠছে’।

খবরে বলা হচ্ছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার আট বছর পরেও বাংলাদেশের সড়কগুলো অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষজ্ঞ ও আন্দোলনকারীদের মতে, সরকার সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।

তাদের মতে, ওই আন্দোলন সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার গভীর ত্রুটিগুলোকে সামনে নিয়ে এসেছিল, কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।

মঙ্গলবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭,৩৬৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমার পরিবর্তে বরং বেড়েই চলেছে।

বছরের পর বছর ধরে সড়কে অনুমোদনহীন ও ত্রুটিপূর্ণ যানবাহনের সংখ্যা বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা এবং মোটরসাইকেলজনিত প্রাণঘাতী দুর্ঘটনার হার।

অপরদিকে সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান সরকারি সংস্থাগুলো নিষ্ক্রিয় রয়ে গেছে। যার ফলে দীর্ঘ সময় ধরে দেওয়া অনেক সুপারিশই বাস্তবায়িত হয়নি। সূত্র: বিবিসি বাংলা