
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
ব্যতিক্রমী গুণের কারণেই বৈচিত্র্যময় ব্যবসায়িক ক্ষেত্রে জনাব নুরুল ইসলাম সাফল্যের পরিচয় দিয়েছেন। বিচক্ষণতা, একাগ্রতা, স্বচ্ছতা, কর্মীবান্ধব নীতি, সমাজের প্রতি দায়বদ্ধতা-সর্বোপরি কঠোর পরিশ্রমের কারণেই তিনি এমন সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন।

একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তিনি বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থান করেছেন। বর্তমানে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক কর্মী কর্মরত রয়েছে। বস্তুত বহুবিধ গুণের কারণেই তার মতো কর্মবীরের দীর্ঘায়ু কামনা করে দেশের মানুষ।
জনগণের তথ্য চাহিদা পূরণের বিষয়েও সচেতন ছিলেন জনাব নুরুল ইসলাম। বস্তুত দেশের মানুষের সেবার ব্রত নিয়েই দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করেছেন; যে দুটি প্রতিষ্ঠান এখন বেশ জনপ্রিয়।
একজন ব্যক্তি যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, তখন তিনি লাভালাভের চিন্তা না করে একজন সুনাগরিকের ভ‚মিকা পালন করেন। প্রকৃতপক্ষ একজন মানুষ যদি সততার সঙ্গে সদিচ্ছা নিয়ে পরিশ্রম করেন তাহলে প্রায় শূন্য অবস্থা থেকে কত দ্রুত খ্যাতির শীর্ষে আরোহণ করা সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত সদ্যপ্রয়াত জনাব নুরুল ইসলাম। যমুনা গ্রুপের ৪১টি প্রতিষ্ঠানে যে লক্ষাধিক কর্মী কর্মরত রয়েছেন-তাদের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আরও অনেক মানুষ উপকৃত হচ্ছে।
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্ম ঢাকার নবাবগঞ্জে। তিনি ছিলেন একজন স্বপ্রতিষ্ঠিত নবাব। প্রায় শূন্য অবস্থা থেকে নিজ প্রচেষ্টায় তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান যমুনা গ্রুপ গড়ে তুলেছেন। ১৯৭৪ সালে যাত্রা শুরু করে সাড়ে চার দশকের মধ্যে ৪১টি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি শিল্প খাতের অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
পণ্যের মান রক্ষার প্রতিদান হিসেবে এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি যমুনা গ্রুপের কর্মীদের আরও কর্তব্যপরায়ণ হতে উদ্বুদ্ধ করেছে। বস্তুত এসব অর্জনকে জনাব নুরুল ইসলামের নিরন্তর পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই বিবেচনা করা যায়। যমুনা গ্রুপের এ অর্জন দেশের অন্য প্রতিষ্ঠানকেও মানসম্মত পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করবে-এটাই স্বাভাবিক।
গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি বিদেশ থেকে আধুনিক প্রযুক্তি আমদানি করে দেশে বিশ্বমানের শিল্পকারখানা প্রতিষ্ঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। তার দূরদর্শী চিন্তা, প্রগতিশীল মনোভাব ও নিরলস পরিশ্রমের ফসল আজকের যমুনা গ্রুপ। টেকসই মানের কারণেই যমুনা গ্রুপের পণ্য ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
যারা বিদেশে গিয়ে কেনাকাটা করতেন, যমুনা ফিউচার পার্ক প্রতিষ্ঠার পর কেনাকাটার জন্য তাদের এখন আর বিদেশে যেতে হয় না। যমুনা ফিউচার পার্কের এক অঙ্গনে মানুষ এখন বহুমুখী সেবা পাচ্ছে, যা এতদিন তারা শুধু কল্পনাই করত। যমুনা ফিউচার পার্কের নির্মাণশৈলী ও অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলেই স্পষ্ট হয়, জনাব নুরুল ইসলাম কী ধরনের চিন্তা করতেন।
এ প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে, একইসঙ্গে দেশের সুনামও বৃদ্ধি করেছে। এ প্রতিষ্ঠানের নামকরণ থেকে নুরুল ইসলামের ভবিষ্যৎমুখী আধুনিক চিন্তার পরিচয় পাওয়া যায়। এ পার্কে নতুন যুক্ত হওয়া হোলসেল ক্লাব-দেশের সর্ববৃহৎ হাইপারমার্কেট-অল্প সময়ে দেশবাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
হোলসেল ক্লাবের উদ্বোধনী অনুুষ্ঠানে জনাব নুরুল ইসলাম বলেছিলেন, এক ছাদের নিচে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেয়া আমাদের অঙ্গীকার। এর মাধ্যমে দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডের ৫ শতাধিক পণ্য গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে। ওইদিন তিনি আরও বলেছিলেন, শুরু থেকে মানুষের সেবা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকি সেবা করে যাব।
দিন দিন মানুষের ব্যস্ততা বেড়েই চলেছে। এ সময়ে মানসম্মত নিত্যপণ্য এক ছাদের নিচে পাওয়া, ব্যস্ত মানুষের জন্য সত্যি এক আনন্দের খবর। আজকাল ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে অনেকে বই কেনার জন্য পছন্দের বইয়ের দোকানে যেতে পারেন না। এমন ব্যস্ত মানুষ হোলসেল ক্লাবে গিয়ে কেনাকাটা করে ফেরার সময় বই কেনার সুযোগও পাবেন।
শুনেছি হোলসেল ক্লাবের ‘বুক কর্নার’-এ দেশি-বিদেশি স্বনামধন্য গুণীজন ও খ্যাতিমান লেখকের গ্রন্থ কেনার সুব্যবস্থা রয়েছে। আজকাল লক্ষ করা যায়, কেউ কেউ বইয়ের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ঝুঁকছেন। এতে পাঠকসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশে শিক্ষার বিস্তার দেখে আমরা আশাবাদী হলেও সমাজে সৃজনশীল বইয়ের পাঠক সেভাবে বাড়ছে না। আজকাল মানসম্মত বইও সুলভ নয়। অথচ একটি ভালো বই একজন পাঠকের সমগ্র জীবনকে প্রভাবিত করে থাকে।
সুলভে মানসম্মত বই না পাওয়া গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজš§। আশা করি হোলসেল ক্লাবের ‘বুক কর্নার’ মানুষকে বইমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। মানুষকে যত বেশি বইমুখী করা যাবে সমাজে উচ্চমূল্যবোধে ও নৈতিকতার চর্চায় ততবেশি ইতিবাচক প্রভাব পড়বে। শুনেছি, যমুনা ফিউচার পার্কে নির্মাণাধীন রয়েছে আন্তর্জাতিক মানের একটি হোটেল। আশা করা যায়, এসব প্রতিষ্ঠান দেশের পর্যটন খাতের বিকাশেও অবদান রাখবে।
ব্যবস্থাপনায় সুবিধার কথা বিবেচনা করে অনেক উদ্যোক্তা একই অঙ্গনে বা এলাকায় একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করে থাকেন। এদিক থেকেও জনাব নুরুল ইসলাম ছিলেন ব্যতিক্রমী। একই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে না তুলেও ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পপ্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা যায়, এটিও তিনি প্রমাণ করেছেন। অবকাঠামোগত সুবিধাপ্রাপ্তিসাপেক্ষে তিনি দেশের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটিও তার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তারই একটি বিশেষ দিক।
জনাব নুরুল ইসলামের সন্তানরা দেশে-বিদেশে শিক্ষাগ্রহণ করে বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আশা করা যায়, তাদের সমন্বিত প্রচেষ্টায় যমুনা গ্রুপের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ওষুধ শিল্পে বাংলাদেশ ইতোমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। বর্তমান বাস্তবতায় ওষুধ শিল্পে বাংলাদেশের আরও দ্রুত এগিয়ে যাওয়া দরকার। করোনা মহামারি শুরু হওয়ার পর এখন এটি আরও স্পষ্ট হয়েছে যে, স্বাস্থ্য খাতে পিছিয়ে থাকলে দেশের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। ওষুধ শিল্পের কাঁচামাল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে যমুনা গ্রুপ।
ওষুধ শিল্পের কাঁচামাল সহজলভ্য হলে দেশের মানুষ উপকৃত হবে এবং আমাদের ওষুধ রফতানির পরিমাণও বাড়বে। লক্ষ করা যাচ্ছে, প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন জনাব নুরুল ইসলাম। তিনি তরুণ উদ্যোক্তাদের এ বার্তাটি দিয়ে গেছেন যে, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে যে কোনো মূল্যে পণ্যের উচ্চমান নিশ্চিত করতে হবে।
সমাজের প্রতি দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখে জনাব নুরুল ইসলাম যেভাবে একটির পর একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তারা তেমন মনোভাব নিয়ে পরিশ্রম করলে সফল হতে পারবে বলেই আমার বিশ্বাস।
করোনা মহামারি শুরু হওয়ার পর মানসম্মত হাসপাতালের বিষয়টি বিশেষ আলোচনার বিষয়ে পরিণত হয়। করোনাভাইরাসের আবির্ভাবের পর বিশ্বের সব দেশের চিকিৎসকের কাছেই এর চিকিৎসার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। বিশ্বমানের হাসপাতালে যে কোনো নতুন গবেষণা ও চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলা করা তুলনামূলক সহজ হয়।
দেশে করোনার তাণ্ডব শুরু হওয়ার পর মানুষের চিকিৎসাসেবার জন্য বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় মনোভাবের কথা ঘোষণা করেছিলেন জনাব নুরুল ইসলাম। দুঃখের বিষয়, তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়নের আগে আকস্মিকভাবে অকালে চিরবিদায় নিলেন। আমি আশা করব, তার উত্তরসূরিরা তার স্বপ্নগুলো বাস্তবায়নে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন। তরুণ উদ্যোক্তারা জনাব নুরুল ইসলামকে অনুকরণ করলে দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবে এবং তারা দেশের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে সক্ষম হবে।
আ আ ম স আরেফিন সিদ্দিক : শিক্ষাবিদ, সাবেক ভিসি : ঢাকা বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান : বাসস।
সুত্রঃ যুগান্তর









