আইন আদালত

বেঞ্চ সহকারীর মৃত্যু : আজগর আলীর তিন চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর আজগর আলী হাসপাতালের অবহেলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের তিন চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তকির আদালতে ওই বেঞ্চ সহকারীর স্ত্রী মোছা. শারমিন আফরোজ লাবনী বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান।
আসামিরা হলেন— আজগর আলী হাসপাতালের হেড অব অপারেশন এ.কে.এম মোরশেদ আহমেদ চৌধুরী, ডাক্তার মো. মতিউর ইসলাম, আইসিইউ সংশ্লিষ্ট চিকিৎসক, এডমিশন ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিস প্রতিনিধি, বিল সেকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট কাস্টমার ম্যানেজার। এছাড়া আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ইখতিয়ার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-১৭ এর বেঞ্চ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

শরীরে জ্বর নিয়ে গত ৫ অক্টোবর রাত ২ টার দিকে ইখতিয়ার রহমানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। রোগীর স্বজনদের সাথে প্রতারণা করে এবং সঠিক চিকিৎসা না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বিল পরিশোধে বাধ্য করে এবং আইসিইউতে রোগী ভর্তি করে কৌশলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং ভুল চিকিৎসার মাধ্যমে রোগীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।