সিল্কসিটিনিউজ ডেস্ক: ঘুমন্ত কিশোরীকে বিমানের মধ্যেই শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় চিকিৎসক। ঘটনাটি ঘটে নিউজার্সিগামী এক ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানে।
ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, ২৩ জুলাই ওই বিমানে একা যাত্রা করছিল ১৬ বছরের এক কিশোরী। ওই কিশোরী ওয়াশিংটনের বাসিন্দা বলে জানা গিয়েছে। পেশায় চিকিৎসক বিজয় কিশোরীর পাশের আসনেই বসেছিলেন।
কিশোরীকে ঘুমন্ত অবস্থায় দেখে তাকে স্পর্শ করার চেষ্টা করেন ২৮ বছরের বিজয়। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় কিশোরীর। তখনই কিশোরীর শরীর থেকে হাত সরিয়ে নেন বিজয়। ফের ঘুমিয়ে পড়ে কিশোরীটি। আর সেই সুযোগ পেয়ে তার শ্লীলতাহানি করেন ওই যুবক। যার জেরে আবার ঘুম ভেঙে যায় কিশোরীর।

ঘটনাটি ঘটার পরে, বিমানকর্মীদের কাছে অভিযোগ জানায় কিশোরী। তখনই তার আসন বদলে দেন বিমান কর্মীরা। বিমান থেকে নামার পরেই বাবা-মাকে ফোন করে ঘটনার কথা জানায় কিশোরী। কিন্তু ততক্ষণে বিমান বন্দর থেকে চম্পট দিয়েছেন বিজয়কুমার কৃষ্ণাপ্পা।
শ্লীলতাহানির পরেও কেন ওই ব্যক্তির বিরুদ্ধে বিমান কর্মীরা কোনও পদক্ষেপ করলেন না, এই দাবিতে ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা-বাবা। ঘটনার তদন্তভার নেয় এফবিআই। সেই ফ্লাইটের নথিপত্র খতিয়ে দেখে তারা জানতে পারে বিজয় পেশায় একজন ভারতীয় চিকিৎসক। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
তবে বিজয় এখনও পর্যন্ত এই অভিযোগ স্বীকার করেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।










